ঢাকায় শুরু ইসলামিক ফিন্যান্স সামিট ২০২৬

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:২২ এএম

দেশের ইসলামি ব্যাংকিং, তাকাফুল ও শরিয়াহভিত্তিক অর্থায়ন খাতের উন্নয়ন, সংস্কার এবং আন্তর্জাতিক মানদণ্ডে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আজ মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট ২০২৬’।

রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সিটি ইসলামিকের সৌজন্যে আয়োজিত এ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার নীতিনির্ধারক, ব্যাংকার, শরিয়াহ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক প্রতিনিধিসহ প্রায় ৪০০ জন অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এবারের সামিটের প্রতিপাদ্য ‘আস্থা, সংস্কার ও প্রবৃদ্ধি : বাংলাদেশে শরিয়াহসম্মত অর্থায়নের সম্প্রসারণ’। আন্তর্জাতিক প্রতিষ্ঠান এডিএল গ্রুপের তত্ত্বাবধানে বাংলাদেশের শরিয়াহ পরামর্শক প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড এবং মালয়েশিয়াভিত্তিক এডিএল অ্যাডভাইজরি যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে। কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে ইসলামি আর্থিক প্রতিষ্ঠানের বৈশ্বিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা আউফি ও সিআইইএস।

মূল সামিটকে কেন্দ্র করে ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছে ‘বিআইএফএস উইক ও আউফি ক্যাপাসিটি বিল্ডিং উইক ২০২৬’। প্রথম দুই দিন শরিয়াহ গভর্ন্যান্স, শরিয়াহসম্মত ডকুমেন্টেশন, সুকুক, ইসলামি তারল্য ব্যবস্থাপনা এবং আউফির হিসাবরক্ষণ মানদণ্ড নিয়ে চারটি বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন ৮০ থেকে ১২০ জন পেশাজীবী এতে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের দেওয়া হবে আন্তর্জাতিক আউফি সনদ।

আজ (২৪ নভেম্বর) মূল সামিটে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষ এবং জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ প্রতিনিধিদের নিয়ে ‘রেগুলেটরস রাউন্ড টেবিল’ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ইসলামি পুঁজিবাজার, সুকুক, শরিয়াহ গভর্ন্যান্স এবং প্রচলিত ব্যাংক থেকে ইসলামি ব্যাংকে রূপান্তরের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হবে। প্রকাশ করা হবে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স আউটলুক ২০২৬’ প্রতিবেদন।

২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘বিআইএফএস তাকাফুল ফোরাম’। এতে ১০০ থেকে ১৫০ জন বিশেষজ্ঞ তাকাফুল খাতের নীতিমালা, ব্যবসায়িক মডেল ও শরিয়াহ পরিপালন নিয়ে আলোচনা করবেন।

আন্তর্জাতিক বক্তাদের মধ্যে থাকবেন আউফি শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান শাইখ মুফতি মুহাম্মদ তাকি উসমানি, মালয়েশিয়ার সালিহিন শরিয়াহ অ্যাডভাইজরির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহসিন লাহসাসনা, মালয়েশিয়ার আমমেটলাইফ তাকাফুলের শরিয়াহ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালিহিন দেরিস এবং মাসফিলের ব্যবস্থাপনা অংশীদার ড. শারাফুদ্দিন সোওয়েল।

আয়োজন সম্পর্কে সামিটের অন্যতম রূপকার, আইএফএ কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা এবং এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুফতি ইউসুফ সুলতান বলেন, ‘বাংলাদেশের ইসলামিক ফিন্যান্স খাত এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ডের যথাযথ বাস্তবায়ন। বিআইএফএস ২০২৬-এর মাধ্যমে আমরা দেশীয় নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংকার এবং বিশ্বখ্যাত শরিয়াহ বিশেষজ্ঞদের একই ছাদের নিচে আনতে চাচ্ছি, যাতে বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে একটি আস্থাশীল ও আধুনিক ইসলামি আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলা যায়।’

আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম বলেন, ‘গত বছরের প্রথম আসরের ব্যাপক সাফল্যের পর এবার আমরা আরও বৃহৎ পরিসরে দ্বিতীয় আসর আয়োজন করতে যাচ্ছি। বিশেষ করে আমাদের ব্যাংকিং ও তাকাফুল খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য আউফির সরাসরি তত্ত্বাবধানে বিশেষায়িত কর্মশালার ব্যবস্থা রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই সামিট থেকে প্রাপ্ত নীতিগত সুপারিশ ও বিআইএফএস রেজল্যুশনস-২০২৬ দেশের শরিয়াহভিত্তিক অর্থায়ন খাতের সংস্কারে একটি কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করবে।’

সামিটের নীতিগত সুপারিশ ও ‘বিআইএফএস রেজল্যুশনস ২০২৬’ দেশের শরিয়াহভিত্তিক অর্থায়ন খাতের সংস্কারে কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো আয়োজিত সামিটে প্রায় ৩০০ দেশি-বিদেশি প্রতিনিধি অংশ নিয়েছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত