দেশত্যাগের চেষ্টা 

বিমানবন্দর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

একসময়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সম্প্রতি চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ জমা পড়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে। রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত পাঁচটি ‘টর্চার সেল’ পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে তার ওপর নজরদারি ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা বাড়ে। এর মধ্যেই দেশছাড়ার চেষ্টা করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি।

পরে সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ গত ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় খুন হওয়া আরেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইমিগ্রেশন ও ডিবি পুলিশ সূত্র জানায়, রবিবার রাত ২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংকক যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। তার বিরুদ্ধে আগে থেকেই দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাত আড়াইটার দিকে ডিবির তেজগাঁও বিভাগের কাছে তাকে হস্তান্তর করা হয়।

ডিবির সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। গত ১৪ এপ্রিল তেজগাঁও থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা শুরু হলে তিনি দেশছাড়ার চেষ্টা করেন। ডিবির ধারণা, তার গন্তব্য ছিল মালয়েশিয়া। ব্যাংকক হয়ে সেখানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তবে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোয় তাকে দুপুরে ডিবির রমনা বিভাগের কাছে হস্তান্তর করে ডিবি তেজগাঁও বিভাগ। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন জানান, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন খুন হন। এ ঘটনায় করা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

টিটন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক মো. ইরফান খান গতকাল সুইডেন আসলামকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুরস্কার ঘোষিত দেশের ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম ছিলেন সুইডেন আসলাম। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন তিনি। এরপর কারওয়ানবাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। তার প্রথম স্ত্রী ইতি সুইডেনপ্রবাসী ছিলেন। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে থাকেন। সেখান থেকেই তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়।

১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যার পর ওই বছরের ২৬ মে গ্রেপ্তার হন আসলাম। এ মামলায় জামিন পেয়ে ২০০৪ সালের সেপ্টেম্বরে কারামুক্ত হলেও চার মাস পর ২০০৫ সালে ফের গ্রেপ্তার হন। এরপর টানা সাড়ে ১৯ বছর কারাবাস শেষে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা হয়। অস্ত্র আইনের দুটি মামলায় যাবজ্জীবন ও ১৭ বছরের সাজা হয়েছিল তার। পরে উচ্চ আদালত থেকে ওই দুই মামলায় অব্যাহতি পান। তবে গালিব হত্যা মামলাটি তখনো বিচারাধীন ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত