আট বছরে পূবাইল প্রেসক্লাব, জমজমাট প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
গাজীপুর মহানগরীর পূবাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে পূবাইল থানা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের আপন ভুবন রিসোর্টের কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ মনির হোসেন সিকদার বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান মৃধা, পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. পনির খন্দকার।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক মো. আবুল হোসেন চৌধুরী, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন দেওয়ান, সাংবাদিক মো. কলিম উল্লাহ ইকবালসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এ ছাড়া অনুষ্ঠানে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়োজীদ হোসেন, দৈনিক আমাদের সংবাদ-এর সম্পাদক মো. জাহিদ হাসান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আশরাফুল আলম আইয়ুবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, প্রেসক্লাবের সদস্য, তাঁদের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকেরা জাতির দর্পণ। তাদের লেখনী ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। পাশাপাশি অনিয়ম, দুর্নীতি, অসংগতি ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি সামাজিক সমস্যা সমাধানেও সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত