সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

সাতক্ষীরার কালীগঞ্জে বাথরুমের সেপটিক ট্যাংক থেকে নির্গত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও দুইজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরের পর উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মনি পাড়ের ছেলে মোহাম্মদ আরাফাত (১৬) এবং সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫)। আরাফাত স্কুলশিক্ষার্থী এবং মহানন্দ পেশায় পরিচ্ছন্নতাকর্মী।

তারালী ইউনিয়ন পরিষদের সদস্য ইনামুল হক জানান, মঙ্গলবার দুপুরের পর বরেয়া গ্রামের আশরাফ পাড়ের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু হয়। এ সময় ট্যাংকের মুখ খুলতেই ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে জ্ঞান হারান পরিচ্ছন্নতাকর্মী মহানন্দ সরকার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে মহানন্দের অবস্থা ও ট্যাংকের ভেতরের পরিস্থিতি দেখতে ওই বাড়ির ছেলে মোহাম্মদ আরাফাত ট্যাংকের কাছে গিয়ে উঁকি দিলে সেও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। এতে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

এরপর একইভাবে পরিস্থিতি দেখতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা গোলাম হোসেন এবং বরেয়া গ্রামের আবুল শেখের ছেলে জামাল শেখ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান (শাহিন) জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গুরুতর অসুস্থ দুইজনকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত