রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী ‘ফোর স্টার’ গ্রুপের অধীন ‘মশিউর গ্রুপ’-এর সদস্যদের অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি)। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করতেন ‘ফোর স্টার’ গ্রুপের অধীন ‘মশিউর গ্রুপ’-এর সদস্যরা। আধিপত্য বিস্তার ছাড়াও চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
পল্লবী ও রূপনগর এলাকায় সোমবার বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের এসআরবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেখানে এসআরবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখ ওসমান গনি সোহাগ (৩৫), রনি ব্যাপারী (৩৫), রনি (২৬), হাসিব (২৭), ইমন মোল্লা (২৫) ও সৌরভ ব্যাপারী (১৯)। তাঁরা মশিউর গ্রুপের ছত্রচ্ছায়ায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে পল্লবী থানার সেকশন-১২ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শেখ ওসমান গনি সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ জানান, ফোর স্টার গ্রুপের সদস্যরা এসব অস্ত্র দিয়ে পল্লবী, মিরপুর, শাহ আলী, কাফরুলসহ আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন তাঁরা। এ ছাড়া পেশাদার অপরাধীদের কাছে ভাড়ায় অস্ত্র সরবরাহ করা হতো। এসব অস্ত্র খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে ব্যবহৃত হতো।
এসআরবি কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে রূপনগরের শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে অভিযান চালায় এসআরবি। সেখানে মশিউর গ্রুপের সাত থেকে আটজন সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, ১২টি রামদা ও চাকু, দুটি সামুরাই, ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এসআরবি-৪-এর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোহাগের বিরুদ্ধে পল্লবী ও তেজগাঁও থানায় অস্ত্র, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের পাঁচটি মামলা রয়েছে। রনি ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মারামারিসহ চারটি মামলা আছে। রনি মিরপুরের মশিউর গ্রুপের সক্রিয় সদস্য বোমা কাল্লুর ঘনিষ্ঠ সহযোগী।