দেশে ও বিশ্বজুড়ে নীতি-নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ সংকট থেকে সাংবাদিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদসহ কোনো শ্রেণিই বাদ নেই। তবে অন্য পেশার তুলনায় সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয়ের প্রভাব অনেক বেশি। কারণ সাংবাদিকরা মানুষের কাছে সত্য ও সঠিক তথ্য পৌঁছে দিয়ে জাতিকে দিকনির্দেশনা দেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন ও স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন নগদ এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, নগদ প্রশাসক মোতাসিম বিল্লাহ, জুরি বোর্ডের চেয়ারম্যান শামসুল হক জাহিদ সহ জুরি বোর্ডের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও এই দুই মাধ্যমে মোট ২২টি বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হয়। এর বাইরে সব গণমাধ্যমের সাংবাদিকদের জন্য উন্মুক্ত দুটি বিষয়ে সেরা প্রতিবেদনকে পুরস্কৃত করা হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে মানুষের নৈতিকতার মানদণ্ড বা ‘মরাল কম্পাস’ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। সাংবাদিকদের সত্য তুলে ধরার ক্ষেত্রে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হতে হবে। তাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।
আমির খসরু বলেন, এখন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এবং নাগরিক সাংবাদিকতার বিস্তার ঘটেছে। ফলে তথ্যপ্রবাহ অনেক জটিল হয়ে উঠেছে। সাধারণ মানুষের পক্ষে কোনটি সঠিক তথ্য আর কোনটি ভুল, তা যাচাই করা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা আরও বাড়াতে হবে।
তিনি বলেন, সাংবাদিকতার মান ও নৈতিকতা ধরে রাখার দায়িত্ব শুধু সাংবাদিকদের একার নয়। রাজনীতিবিদসহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। একটি নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সাংবাদিকদের পুরস্কৃত করার উদ্যোগ ভবিষ্যতে ভালো সাংবাদিকতা বিকাশের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
অর্থমন্ত্রী বলেন, একটি উন্মুক্ত সরকার প্রতিষ্ঠার জন্য সব পক্ষের মধ্যে আন্তরিক যোগাযোগ, পারস্পরিক আস্থা ও বিশ্বাসযোগ্যতা জরুরি। সরকারের কাজের ভুলত্রুটি তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। নীতিনির্ধারণ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাংবাদিকদের স্বাধীন ও বস্তুনিষ্ঠ মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাংবাদিকদের ফিডব্যাককে প্রতিপক্ষ হিসেবে না দেখে কাজে লাগানো উচিত মন্তব্য করে তিনি বলেন, সরকার যেমন উন্মুক্ত থাকবে, তেমনি সাংবাদিকদেরও সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। একতরফা মনোভাব কিংবা বিদ্বেষপূর্ণ অবস্থান নিয়ে দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়।
তিনি বলেন, বিরোধী দলে থাকাকালে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ও ঘনিষ্ঠ যোগাযোগের সুযোগ ছিল। এখন দায়িত্ব পালনের কারণে সময় কিছুটা কম দেওয়া সম্ভব হলেও সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।
দেশকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে বস্তুনিষ্ঠভাবে সম্মিলিত উদ্যোগে কাজ করার আহ্বান জানান আমির খসরু। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি সাংবাদিকতায় গুণগত পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।