আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার, নাম দেননি মোস্তাফিজ-সাকিব

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:২১ এএম

আইপিএল ২০২৭ আসরের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নাম দেননি বাংলাদেশের দুই বড় তারকা মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

ক্রিকবাজ জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের প্রাথমিক তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হয়। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে এবারের মিনি নিলাম।

প্রাথমিক এই নিবন্ধন তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন—তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, রিপন মণ্ডল ও মোহাম্মদ রুবেল।

বছরের শুরুতে মোস্তাফিজকে ঘিরে আইপিএলে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার রেশ গড়ায় আরও দূর। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি দলটি।

এবারের নিলামের তালিকায় বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার বেন স্টোকস। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম লিখিয়েছেন। বড় তারকাদের অনুপস্থিতিতে অধিনায়কত্বের খোঁজে থাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে স্টোকস হতে পারেন অন্যতম সেরা পছন্দ।

নিলামের পরিসংখ্যান ও পরবর্তী ধাপ এবারের নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে সর্বোচ্চ ৬৬টি শূন্য পদ পূরণের সুযোগ রয়েছে, যার মধ্যে বিদেশি কোটা মাত্র ২৫টি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, প্রাথমিক তালিকার বাইরে থাকা কোনো খেলোয়াড়কে নিলামে অন্তর্ভুক্ত করার অনুরোধ থাকলে তা আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে জানাতে হবে। এরপর আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজিগুলো এই তালিকা থেকে নিজেদের পছন্দের খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা জমা দেবে। যাচাই-বাছাই শেষে তৈরি হবে চূড়ান্ত নিলামের তালিকা।

একনজরে আইপিএল ২০২৭ নিলামের প্রাথমিক তালিকা:

  • মোট ক্রিকেটার: ১,২২০ জন
  • ভারতীয় ক্রিকেটার: ৯৩৯ জন (ক্যাপড ১৪, আনক্যাপড ৭৯৮ ও গত আসরে থাকা আনক্যাপড ১২৭ জন)
  • বিদেশি ক্রিকেটার: ২৮১ জন (ক্যাপড ১৭০, আনক্যাপড ৬৯ ও সহযোগী দেশের ৪২ জন)
  • মোট ফাঁকা জায়গা: ৬৬টি (বিদেশি ২৫টি)
সর্বশেষ সর্বাধিক পঠিত