শতাধিক মানুষকে গুম-খুনের মামলা

জিয়াউল আহসান ‘মনস্টার’

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ এএম

শতাধিক গুম-খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্কের শুনানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এদিন শুনানিতে জিয়াউল আহসানকে ‘মনস্টার’ বা দানব উল্লেখ করে তার নির্মমতা ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

এ মামলার আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন। গতকাল যুক্তিতর্ক উপস্থাপনটি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে আজ বুধবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের শুনানি করার কথা রয়েছে। গতকাল শুনানিকালে অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ মামলায় সাক্ষ্য দেওয়া সাক্ষীদের বক্তব্য তুলে ধরে চিফ প্রসিকিউটর সুন্দরবন এলাকায় জিয়াউল আহসানের নেতৃত্বে বিচার বহির্ভূত হত্যাকা-ের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘গায়ে যেন রক্ত না লাগে সে জন্য ভুক্তভোগীদের বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা হতো। হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া হতো।’

তিনি বলেন, ‘একজন মানুষ একের পর এক কয়েক শ মানুষকে হত্যা করেছেন। দিনের পর দিন, বছরের পর বছর এসব হত্যাকা- চালিয়েছেন। জিয়াউল আহসান ছাড়া অন্য কারও পক্ষে এটা করা সম্ভব নয়।’

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘আমি আইন পেশার জীবনে নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে।’

এর আগে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানের বিরুদ্ধে ১৫তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গত রবিবার আসামির পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ হয়। আসামির বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গত ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন পর গ্রেপ্তার হন জিয়াউল আহসান।

সর্বশেষ সর্বাধিক পঠিত