হারিয়ে যাচ্ছে বৈরালি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ এএম

১৬টি নদ-নদী বেষ্টিত কুড়িগ্রামে একসময় জাল ফেললেই ধরা পড়ত সুস্বাদু বৈরালি মাছ। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে প্রচুর পরিমাণে পাওয়া এই মাছের চাহিদা এখনো তুঙ্গে, তবে নদ-নদীতে এর দেখা মিলছে খুব কম। বাজারে পাওয়া গেলেও আকারভেদে প্রতি কেজি বৈরালি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়। নদীতে পানির প্রবাহ হ্রাস, পানিদূষণ, আবাসস্থলের পরিবর্তন এবং কারেন্ট জাল ও বিদ্যুতের শক দিয়ে মাছ ধরার কারণে বৈরালির অস্তিত্ব আজ হুমকির মুখে।

ধরলাপাড়ের বাসিন্দা সুলতান আলী আক্ষেপ করে বলেন, ‘আগে নদীতে প্রচুর বৈরালি পাওয়া যেত, স্বাদও ছিল দারুণ। এখন সহজে মেলে না, আর পাওয়া গেলেও দাম আকাশছোয়া, আগের সেই স্বাদও নেই।’

একই এলাকার বাসিন্দা কয়সার আলী বলেন, এমনিতেই নদীতে পানি নেই। তার ওপর কারেন্ট জাল ও বিদ্যুতের শক দিয়ে মাছ ধরার কারণে বড় মাছের সঙ্গে ছোট পোনাও মারা যাচ্ছে। এই পোনাগুলো বড় হয়ে বৈরালিসহ বিভিন্ন প্রজাতির মাছ হতো।

সংশ্লিষ্টরা জানান, বৈরালির বৈজ্ঞানিক নাম ইধৎরষরঁং নধৎরষধ। এটি সাইপ্রিনিডি পরিবারের স্বাদুপানির মাছ। সাধারণত পাহাড়ি ঝরনা, পাহাড়ের পাদদেশের অগভীর নদী এবং স্বচ্ছ ও স্রোতযুক্ত পানিতে এ মাছের বসবাস। বৈরালির দেহ লম্বাটে ও সরু।

উলিপুর উপজেলার হাতিয়া জেলেপাড়ার জেলে মন্তোষ দাস, শুকেরু দাস ও গজেন দাসসহ কয়েকজন জানান, দিনের বেলায় বৈরালি সাধারণত গভীর পানিতে থাকে। বিকেল থেকে সন্ধ্যা কিংবা রাতে নদীর কিনারার ওপরের স্তরে চলে আসে। এ সময় ছোট ফাঁসের জালে মাছটি বেশি ধরা পড়ে। ভোররাতেও বৈরালির দেখা মেলে।

এদিকে প্রাকৃতিক জলাশয়ে বৈরালির প্রাপ্যতা কমলেও কৃত্রিম প্রজনন ও চাষের মাধ্যমে মাছটির উৎপাদন বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মৎস্যচাষিরা। রাজারহাট উপজেলার নাজিমখাঁন এলাকার মৎস্যচাষি সিরাজুল ইসলাম বলেন, কৃত্রিম প্রজননের মাধ্যমে বৈরালির পোনা উৎপাদন ও চাষের পদ্ধতি আরও সহজলভ্য করা গেলে অনেক মৎস্যচাষি এ মাছ চাষে আগ্রহী হবেন।

সূত্র বলছে, ২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত রংপুর ও নীলফামারী অঞ্চলের তিস্তা নদীতে পরিচালিত এক গবেষণায় ১৭টি পরিবার ও ১০টি বর্গের মোট ৪৫ প্রজাতির মাছের সন্ধান পান গবেষকরা।

২০২১ সালের ডিসেম্বরে সৈয়দপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি উপকেন্দ্রের বিজ্ঞানীরা বৈরালির কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনের কথা জানান। পরে ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রংপুর বিভাগের ছয়টি উপজেলার মৌসুমি পুকুরে মাছটির মিশ্র চাষের সম্ভাবনা যাচাই করা হয়। ওই গবেষণায় প্রতি শতক পুকুরে ৬০০টি পোনা অবমুক্ত করে ১৫০ দিনে বৈরালির গড় ওজন পাওয়া যায় ১৬ দশমিক ৪ গ্রাম।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের প্রভাষক মো. আহসানুল হক বলেন, ‘নাব্য সংকট, ভরাট ও দূষণের কারণে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে বৈরালি মাছের প্রাপ্যতা কমেছে। পানির স্বচ্ছতা ও স্রোত না থাকায় এর স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের অভাবে সীমাবদ্ধতা থাকলেও কুড়িগ্রাম ও লালমনিরহাটের নদ-নদী এবং বৈরালির ঋতুভিত্তিক পুষ্টিগুণ নিয়ে তাদের গবেষণা চলছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত