তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী সভা মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ে বসছে।
সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টা দীর্ঘ আলোচনা শেষেও মালিক ও শ্রমিক পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় কোনো সমঝোতা ছাড়াই সভা মুলতুবি করা হয়।
দুই পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় আলোচনায় সমঝোতা হয়নি। বাকি আলোচনা এগিয়ে নিতে মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠক বসবে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রস্তাব ও তৃতীয় সভার বিস্তারিত জানানো হবে।
শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি উঠেছে। অন্যদিকে, সোমবারের বৈঠকে মালিকপক্ষের জমা দেওয়া প্রস্তাবের অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভাটি সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ে শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এতে সভাপতিত্ব করেন। সভায় সোমবার প্রথমবারের মতো মালিক ও শ্রমিক পক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনের সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।