গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধকে দুটি পৃথক বিষয় হিসেবে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভ্রমণসংক্রান্ত নথির মাধ্যমে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। খবর এনডিটিভি'র।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সীমান্ত এলাকা পরিদর্শনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারত কোনো সহায়তাকারীর ভূমিকা পালন করছে কি না, জানতে চান সাংবাদিকেরা। জবাবে জয়সওয়াল বলেন, বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার। এ বিষয়ে তার নতুন করে কিছু বলার নেই।
বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভারতের প্রচলিত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করে অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে।
গত ২২ নভেম্বর ভারতে অবস্থানরত আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তারা বাংলাদেশে হাসিনার ফিরে যাওয়ার সম্ভাব্য পথগুলো পর্যবেক্ষণ করছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক হেলিকপ্টারে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।
সম্প্রতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেন। তাঁর এ ঘোষণার পর দেশের কয়েকটি জেলায়, বিশেষ করে তাঁর নিজ জেলা গোপালগঞ্জে সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
বাংলাদেশ সরকার জানিয়েছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে এবং তাঁকে হস্তান্তরের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সম্প্রতি বলেছেন, হাসিনা দেশে ফিরলে অথবা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে প্রবেশ করলে তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে।
ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন জয়সওয়াল। সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
গত ২০ নভেম্বর নড়াইলে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও সম্পত্তিতে হামলার প্রসঙ্গে তিনি এ বক্তব্য দেন। ওই ঘটনায় সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনসহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা হয়। অন্তত ৪০টি বাড়িতে হামলার খবর পাওয়া যায়।
এ ছাড়া গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে জয়সওয়াল বলেন, এ বিষয়ে যৌথ নদী কমিশনের প্রতিষ্ঠিত ব্যবস্থা রয়েছে। গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর বিষয় কমিশন পর্যালোচনা করে। রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় প্রসঙ্গে তিনি জানান, ভারত বিষয়টি পর্যবেক্ষণ করছে।