তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং এবং বাংলাদেশের ডিবিএল গ্রুপের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপিত হতে যাচ্ছে। এ প্রকল্পে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। কারখানাটিতে ডেনিম উৎপাদনের পাশাপাশি একটি সমন্বিত স্পিনিং ইউনিটও স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদল সম্প্রতি ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু।
প্রতিনিধিদলে আরও ছিলেন সানকো হোল্ডিংয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস। অন্যদিকে, স্থানীয় যৌথ উদ্যোগের অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। ইনভেস্ট বাংলাদেশের সদস্য (ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট) নাহিয়ান রহমান রচি ও বৈঠকে উপস্থিত ছিলেন।
সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। প্রতিষ্ঠানটির টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল পর্যন্ত বিস্তৃত। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ¦ালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়নসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এর ডেনিম বিভাগ ইসকো (ওঝকঙ) বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। বছরে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে গ্রাহকদের সেবা দিচ্ছে ইসকো। এ ছাড়া তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
প্রস্তাবিত কারখানাটি হবে সম্পূর্ণ রপ্তানিমুখী। এর মাসিক উৎপাদন সক্ষমতা নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি মিটার। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের টেক্সটাইল খাতের পশ্চাৎ-সংযোগ শিল্প আরও শক্তিশালী হবে।