মৌলভীবাজারে ৫৫০ বছরের প্রাচীন সুলতানি আমলের খোজার মসজিদ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

মৌলভীবাজারে ইতিহাস ও ঐতিহ্যের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে সুলতানি আমলে নির্মিত ঐতিহাসিক গয়ঘর খোজার মসজিদ। প্রায় ৫৫০ বছর আগে নির্মিত এ মসজিদটি প্রাচীন স্থাপত্যশৈলীর পাশাপাশি দেয়ালে থাকা বাঘের থাবার ছাপের জন্যও বিশেষভাবে পরিচিত। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ মসজিদটি দেখতে আসেন।

মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের প্রত্যন্ত গয়ঘর গ্রামে একটি ছোট পাহাড়ি টিলার ওপর মসজিদটির অবস্থান। মৌলভীবাজার শহর থেকে মোস্তফাপুর ইউনিয়নের সড়ক ধরে প্রায় সাত কিলোমিটার এগোলেই দেখা মেলে ঐতিহাসিক এ স্থাপনার। চারপাশে সবুজ বৃক্ষরাজি, পাখির কলকাকলি এবং নিরিবিলি পরিবেশ মসজিদটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। মূল মসজিদের পশ্চিম ও উত্তর পাশে রয়েছে দুটি ছোট পুকুর। উত্তর পাশের পুকুরে প্রাচীনকাল থেকেই রয়েছে বিশাল আকৃতির গজার মাছ।

মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ৩৬ ফুট। দেয়ালের ইটের গাঁথুনি প্রায় ছয় ফুট পুরু এবং মূল গম্বুজের উচ্চতা ১৮ ফুট। মূল কাঠামোয় রয়েছে তিনটি বড় ও ছয়টি ছোট দরজা। উত্তর পাশে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ইবাদতখানা রয়েছে। মসজিদের বর্ধিত অংশে রয়েছে আরও দুটি ছোট গম্বুজ। বর্তমানে মসজিদের মেঝে ও গম্বুজে সাদা রঙের টাইলস ব্যবহার করা হয়েছে।

মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হলো পূর্ব পাশের দেয়ালের একটি স্তম্ভে থাকা বাঘের থাবার ছাপ। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, মসজিদ নির্মাণের সময় পুরো এলাকা ঘন জঙ্গলে ঢাকা ছিল। সেখানে বাঘের বিচরণ ছিল। একদিন কোনো একটি বাঘ মসজিদের কাঁচা দেয়ালে থাবা বসায়। সেই থাবার চিহ্ন প্রায় ৫৫০ বছর ধরে দেয়ালে অক্ষত রয়েছে বলে স্থানীয়দের দাবি। মসজিদটি কয়েকবার সংস্কার করা হলেও চিহ্নটি সংরক্ষণ করা হয়েছে।

মসজিদের মেহরাবের ওপরের অংশে রয়েছে আরবি লেখা ও ফুলের নকশায় করা কারুকাজ। পশ্চিম পাশের দেয়ালে সংরক্ষিত রয়েছে প্রাচীন কষ্টিপাথরের একটি শিলালিপি। মূল্যবান এ নিদর্শন চুরি ঠেকাতে লোহার রডের খাঁচায় তালাবদ্ধ করে রাখা হয়েছে।

মসজিদটি নিয়ে স্থানীয়দের মধ্যে আরও কিছু লোককথা প্রচলিত রয়েছে। কথিত আছে, একসময় মসজিদের বাইরে দুটি বড় জীবন্ত কষ্টিপাথর ছিল। রাতে পাথর দুটি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। দর্শনার্থীরা পাথর দুটিকে শ্রদ্ধা করতেন এবং সেগুলো স্পর্শ করে রোগমুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। পরবর্তী সময়ে একটি পাথর নষ্ট হয়ে গেলে সেটি পাশের দিঘিতে ডুবিয়ে দেওয়া হয়। অন্যটি চুরি হয়ে যায়।

স্থানীয়দের বিশ্বাস, এ মসজিদে মানত করলে মহান আল্লাহর ইচ্ছায় তা পূরণ হয়। এ কারণে অনেকেই এখানে এসে নফল নামাজ আদায় করেন, দোয়া করেন এবং অর্থ দান করেন। কেউ কেউ মসজিদটিকে ‘গায়েবি মসজিদ’ নামেও চেনেন।

ঐতিহাসিক তথ্য ও মসজিদে সংরক্ষিত শিলালিপি অনুযায়ী, ১৪৭৬ খ্রিস্টাব্দে বাংলার সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহের শাসনামলে মসজিদটি নির্মিত হয়। তিনি ছিলেন বাংলার সুলতান বরবক শাহের ছেলে। হাজি আমিরের পৌত্র এবং তৎকালীন মন্ত্রী মজলিসে আলম মসজিদটি নির্মাণ করেন। সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মসজিদ ও গয়ঘর খোজার মসজিদের শিলালিপিতে উল্লিখিত মজলিসে আলম একই ব্যক্তি বলে জানা যায়। মসজিদ দুটি নির্মাণের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র চার বছর।

খোজার মসজিদ নামকরণের পেছনেও রয়েছে একটি প্রচলিত লোককথা। জনশ্রুতি অনুযায়ী, বাংলার সুবেদার মানসিংহের কাছে পরাজিত হয়ে পলায়ন করার সময় পাঠান বীর খাজা ওসমান এ মসজিদে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে খাজা নামের অপভ্রংশ ‘খোজা’ শব্দের মাধ্যমে মসজিদটির নাম হয় খোজার মসজিদ।

মসজিদটির ইতিহাসে একাধিকবার সংস্কারের তথ্য পাওয়া যায়। ১৯৩৮ সালে আজম শাহ নামে একজন কামেল পীর এখানে আসেন। তাঁর আগমনের পর ১৯৪০ সালের দিকে মসজিদের গম্বুজ ভেঙে পড়ে। পরে গ্রামবাসীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে তিনি মসজিদটি সংস্কার করান। ১৯৬০ সালের দিকেও তাঁর উদ্যোগে সংস্কারকাজ হয়। এরপর তিনি চলে গেলে মসজিদটি অরক্ষিত ও পরিত্যক্ত হয়ে পড়ে। পুরো এলাকা জঙ্গলে ঢেকে যায়। গম্বুজে জন্ম নেয় বটগাছের চারা ও বিভিন্ন লতাগুল্ম।

১৯৬৫-১৯৬৬ সালের দিকে আবারও সংস্কার করে মসজিদটি চালু করা হয়। পরে ১৯৮৪ সালে নামাজের জায়গার সংকুলান না হওয়ায় পূর্ব দিকে মসজিদের পরিসর বাড়ানো হয়। তবে ওই সময় সংস্কার করতে গিয়ে প্রাচীন স্থাপত্যের মূল আদলে কিছুটা পরিবর্তন আসে। এতে মসজিদটির পুরোনো সৌন্দর্যের অনেকটাই নষ্ট হয়।

বর্তমানে প্রায় প্রতিদিনই ছায়াঘেরা গয়ঘর গ্রামে মসজিদটি দেখতে শত শত মানুষের সমাগম ঘটে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থীদের পাশাপাশি বিদেশিরাও এখানে আসেন বলে জানান স্থানীয়রা। মসজিদে কোনো মাজার না থাকলেও অনেকে এটিকে মাজারের মতো শ্রদ্ধা করেন। দান-খয়রাত করেন, পুকুরের গজার মাছকে খাবার দেন এবং মোমবাতি জ্বালান। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজেও অংশ নেন স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা।

মসজিদে আসা মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর এলাকার গৃহবধূ শামীমা নাসরিন বলেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যরা প্রায়ই এখানে আসি। এখানে এসে নামাজ আদায় করলে মনে প্রশান্তি অনুভব হয়। এখানে কেউ এসে মানত করলে মহান আল্লাহর ইচ্ছায় তা পূর্ণ হয়।’

কুমিল্লার বড়ুড়া উপজেলার ব্যবসায়ী আব্দুস সালাম মিয়া বলেন, গয়ঘর খোজার মসজিদটি দেখতে আকর্ষণীয়। গত বছরও একবার এখানে এসেছিলাম। এবারও এসেছি। ব্যবসার কাজে মৌলভীবাজারে এলেই এখানে আসার ইচ্ছা রয়েছে। মসজিদে পাথরে খোদাই করা শিলালিপি ও দেয়ালে বাঘের থাবার ছাপ-সব মিলিয়ে অসাধারণ।

গয়ঘর গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রামের ঐতিহাসিক এ মসজিদ দেখতে প্রতিদিন বহু মানুষের আগমন ঘটে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশিরাও এখানে আসেন। এখানে নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে কিছু চাইলে তা পাওয়া যায় বলে মানুষের বিশ্বাস। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে বহু মুসল্লি অংশ নেন। তাদের প্রায় অর্ধেকই বাইরে থেকে আসেন। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মসজিদে অর্থ দান করেন। অনেকে মানত নিয়েও আসেন। তাঁদের অনেকে জানান, এখানে মানত করে আল্লাহর ইচ্ছায় উপকার পেয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত