বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী লা বোমবোনেরায় এক আবেগঘন বিদায়ের মঞ্চ সাজছে কার্লোস তেভেজের জন্য। আর সেই বিশেষ উপলক্ষকে আরও বর্ণিল করতে নিজের সাবেক সতীর্থ লিওনেল মেসির অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় ‘এল অ্যাপাচি’-র বিদায়ী ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মেসির উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে ম্যাচটির আয়োজক কর্তৃপক্ষ। তবে আগামী ২০ ডিসেম্বর বোকা জুনিয়র্সের ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই প্রদর্শনী ম্যাচে মেসির নাম চূড়ান্ত হলেও, একই দিনে আল নাসরের হয়ে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থাকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি ঘিরে রয়ে গেছে বড় অনিশ্চয়তা। যদিও রোনালদো শেষ পর্যন্ত আসতে পারলে ক্যারিয়ারে প্রথমবারের মতো একই জার্সিতে মেসি ও রোনালদোকে দেখার ঐতিহাসিক সুযোগ তৈরি হতে পারে।
একসময় এই ৫৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামেই বল বয় হিসেবে কাজ করা তেভেজ পরে হয়ে ওঠেন বোকা জুনিয়র্সের অন্যতম সফল ও প্রিয় মুখ। ৩৮ বছর বয়সে ২০২২ সালের জুনে পেশাদার ফুটবল থেকে অবসর নিলেও এবার প্রাণের ক্লাব বোকার মাঠে দর্শকদের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। অবসর নেওয়ার পর কোচিংয়ে নেমে এখনো বড় সাফল্য না পেলেও খেলোয়াড় হিসেবে তেভেজের অর্জনের ঝুলি বেশ সমৃদ্ধ, আর্জেন্টিনার জার্সিতে ৭৬ ম্যাচে ১৩ গোল করে জাতীয় দলের হয়ে শিরোপার স্বাদ না পেলেও তাঁর ক্যারিয়ারে রয়েছে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, সিরি আ ও ক্লাব বিশ্বকাপ জয়ের পদক।
বোকা জুনিয়র্সের হয়ে ১১টি শিরোপা ও ৯৪ গোলের স্মৃতিময় অধ্যায়ের পাশাপাশি ক্লাবের সাফল্যে ভরা এই মৌসুমে এমন আয়োজন সমর্থকদের বাড়তি আনন্দ দিচ্ছে। বার্ষিক সামগ্রিক টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করা ও কোপা সুদামেরিকানা জয়ের পর কোপা আর্জেন্টিনা ও তর্নেও ক্লাউসুরার কোয়ার্টার ফাইনালে লড়ে চলা বোকার জন্য বছরজুড়ে সম্ভাব্য সপ্তম শিরোপার স্বপ্নের মাঝেই এই বিদায়ী আয়োজন যেন এক উৎসবের পূর্ণতা।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণভাগে একসঙ্গে আলো ছড়ানো মেসির উপস্থিতি লা বোমবোনেরার গ্যালারি কানায় কানায় পূর্ণ করে দেওয়ার পাশাপাশি স্থানীয় দর্শকদের জন্য মেসিকে দেশের মাটিতে দেখার বিরল মুহূর্ত উপহার দেবে। মেসি ও হুয়ান রোমান রিকেলমের পাশাপাশি তেভেজের ক্যারিয়ারের নানা অধ্যায়ের সঙ্গী গ্যাব্রিয়েল বাতিস্তুতা, মার্টিন পালের্মো, সের্হিও আগুয়েরো, জিয়ানলুইজি বুফন, রিও ফার্ডিনান্ড, প্যাট্রিস এভরা ও আরতুরো ভিদালের মতো তারকাদের উপস্থিতির খবরও সামনে এসেছে।
পাশাপাশি এডউইন ভ্যান ডার সার, পাবলো জাবালেতা, এস্তেবান কাম্বিয়াসো, নিকোলাস বুরদিসো ও সেবাস্তিয়ান বাত্তাগলিয়ার নামও আলোচনায় রয়েছে, আর দুই দলের ডাগআউটে রবার্তো মানচিনি ও কার্লোস বিয়াঞ্চিকে রাখার ইচ্ছার কথাও শোনা গেছে। পাশাপাশি ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তো ও টেনিস তারকা হুয়ান মার্টিন দেল পোত্রোর নামও যুক্ত হয়েছে এই বর্ণিল আয়োজনের আলোচনায়,
আর ‘টিওয়াইসি স্পোর্টস’-এ দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে নিয়ে নিজের কল্পনার কথা জানিয়ে তেভেজ বলেন, ‘কল্পনায় দেখছি, ক্রিশ্চিয়ানো আর মেসি ‘ফ্লাকো’ শিয়াভিকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে।’
ক্যারিয়ারজুড়ে ৩৭ বার পরস্পরের প্রতিপক্ষ হিসেবে খেললেও অফিশিয়াল বা প্রদর্শনী, কোনো ম্যাচেই একই দলে খেলেননি মেসি ও রোনালদো; তবে ২০ ডিসেম্বর আল খলুদের বিপক্ষে আল নাসরের সেমিফাইনাল সূচির কারণে রোনালদোর আসা বেশ কঠিনই হয়ে উঠেছে। বিশেষ করে ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলকের দৌড়ে আল আহলির বিপক্ষে ৯৮৭তম গোল করে এগিয়ে থাকা এই পর্তুগিজ তারকার ব্যস্ত সূচির কারণে।
এরই মধ্যে নিজের পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে তেভেজ জানিয়েছেন, ১৮ ডিসেম্বর ফুয়ের্তে অ্যাপাচেতে ফুটবল খেলা এবং ১৯ ডিসেম্বর খামারবাড়িতে মাতে, ওয়াইন ও আসাদো আ লা এস্তাকার আয়োজনের মাধ্যমে পুরোনো বন্ধুদের নিজের শিকড় ও আর্জেন্টিনার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান তিনি।