দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ জন্য খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ র্যালির আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে দেশের মাংসের চাহিদা পূরণে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও মাংস রপ্তানি করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এ ছাড়া ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিমসহ সংগঠনটির সদস্য, বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।