ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ সিরি আ বা ব্রাসিলেইরাওয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি বড় এক চমক দিল নভোরিজোন্তিনো। আগামী ২০২৭ মৌসুম থেকে নতুন পরিচয়ে মাঠে নামবে ব্রাজিলিয়ান ক্লাবটি। নেইমারের সঙ্গে সম্পৃক্ত জনপ্রিয় ই-স্পোর্টস প্রতিষ্ঠান ‘ফুরিয়া’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ক্লাবটির নতুন নামকরণ করা হচ্ছে ‘ফুরিয়া নভোরিজোন্তিনো’, যা বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
সিরি বি চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ স্তরে ওঠা এই ক্লাবটি আগামী জানুয়ারিতে ঐতিহ্যবাহী ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্ট দিয়েই নতুন নামে যাত্রা শুরু করবে, যার পরপরই শুরু হবে ব্রাসিলেইরাওয়ের লড়াই।
ফুরিয়ার প্রতিষ্ঠাতা ক্রিস গুয়েদেস ব্রাজিলিয়ান তারকা নেইমারের শৈশবের বন্ধু, যিনি সাবেক স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের গড়া সেভেন-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ‘কিংস লিগে’ ফুরিয়া দলের সহ-সভাপতির দায়িত্বেও আছেন। সান্তোস তারকা নেইমার নিজেও ফুরিয়ার শুভেচ্ছাদূত ও স্পনসরকৃত অ্যাথলেট; প্রতিষ্ঠানটির মালিকানায় সরাসরি না থাকলেও এই চুক্তির বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন তিনি এবং আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগেই সাবেক ফুটবলার ও টিভি উপস্থাপক নেতোকে বিষয়টি জানিয়েছিলেন।
কাউন্টার-স্ট্রাইক ও লিগ অব লিজেন্ডসের মতো জনপ্রিয় ভিডিও গেম দলের মালিক ফুরিয়া এই চুক্তির মাধ্যমে ক্লাবটির ব্র্যান্ডিং, বিপণন, স্পনসরশিপ, যোগাযোগ, কনটেন্ট ও বাণিজ্যিক উন্নয়নের দায়িত্ব সামলাবে। তবে নভোরিজোন্তিনো তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে, কোচিং স্টাফ নিয়োগ, খেলোয়াড় দলবদল কিংবা যুব একাডেমি পরিচালনাসহ মাঠের সব ক্রীড়াগত সিদ্ধান্ত আগের মতোই ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা পর্ষদের হাতেই থাকবে।
সাও পাওলো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের নভো ওরিজন্তে শহর, যেখানকার জনসংখ্যা ৪০ হাজারেরও কম। সেখানেই এই ক্লাবটির পথচলা শুরু হয়েছিল ২০১০ সালে। টানা তিন মৌসুম খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হওয়ার পর চলতি বছর সিরি বি শিরোপা জিতে প্রথমবারের মতো শীর্ষ লিগের টিকিট কাটে নভোরিজোন্তিনো। আন্তর্জাতিক পরিসরের একটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেও নিজেদের শেকড় ভুলে না গিয়ে শহরের মানুষ ও সমর্থকদের আগের মতোই কাছাকাছি থাকার অঙ্গীকার করেছে ব্রাজিলের নতুন এই ক্লাবটি।
ফিলিস্তিনি ব্যানার ঘিরে গ্যালারিতে সংঘর্ষ, ৩০ মিনিট বন্ধ খেলা