জামালপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আনন্দ নার্সারির দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকার মহির মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক চর সগুনা থেকে মোটরসাইকেলে বাজিতেরপাড়া বাজার হয়ে মাদারগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে আনন্দ নার্সারির দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সামিরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। পরে তাঁরা আব্দুর রাজ্জাকের মরদেহ বাড়িতে নিয়ে যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত