মাদারীপুরের কালকিনিতে বিএনপির সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার পর শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ঠেঙ্গামারা এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু ও ছাত্রলীগের সভাপতি বাকামিনের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হয়।
এ সময় দুই দলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতরা হলেন- কালকিনির ঝাউতলা গ্রামের রাকিব (৩৫), চর ঠেঙ্গামারার বিপ্লব হোসেন, উত্তর কৃষ্ণনগরের সারাফাত, রমজানপুরের আজিজুল ও বরিশালের গৌরনদীর কমলাপুর গ্রামের ইকবাল মুন্সী (৪২)। তাদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।