বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো। গত বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাতিসংঘে সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করে বৈঠকের আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার উপস্থিতিতে বৈঠকে জাতিসংঘের কার্যকর বহুপক্ষীয় ব্যবস্থা শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবিলায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার অঙ্গীকার গুরুত্ব পায়।
মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার পরিস্থিতি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের বিষয়। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার, জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন অনুসারে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, বিনিময় কার্যক্রম এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।