দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদান দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) নামের এ ব্যবস্থার মাধ্যমে এখন থেকে ব্যাংকগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় ঋণপত্রের তথ্য আদান-প্রদান করতে পারবে।
এতে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার হবে। নতুন এ ব্যবস্থার ফলে বছরে প্রায় ৬০ থেকে ৭০ লাখ মার্কিন ডলার সাশ্রয় হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বার্তার মাধ্যমে মূল রপ্তানি ঋণপত্র বা চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের তথ্য আদান-প্রদান করা হবে। এতে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ও উপকরণ সরবরাহকারী পশ্চাৎমুখী সংযোগ শিল্প সরাসরি উপকৃত হবে। পাশাপাশি রপ্তানি বাণিজ্যের গতি বাড়বে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজনের পরিমাণ বাড়বে।
নতুন এ ব্যবস্থায় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। এতে তথ্য যাচাইয়ের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই), টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্ট করা ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) ও ফায়ারওয়াল ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দুই ধাপে পরিচয় যাচাইয়ের মাধ্যমে ব্যবহারকারীর প্রবেশাধিকার নিশ্চিত করা হবে।
প্রতিটি ব্যাংকের তথ্য আলাদাভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থাও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এ প্ল্যাটফর্মে শুধু তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন। কোনো তথ্য পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ তথ্যপ্রযুক্তি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। প্রতিটি তথ্য আদান-প্রদানে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, বার্তা পুরোপুরি কার্যকর হলে স্থানীয় ঋণপত্রের তথ্য সংগ্রহে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর নির্ভরশীলতা কমবে। কেন্দ্রীয় ব্যাংক সরাসরি তথ্য পর্যবেক্ষণ করতে পারবে। এতে তদারকি কার্যক্রম আরও কার্যকর হবে। একই সঙ্গে প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে এবং রপ্তানি খাতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে।
প্রাথমিক পর্যায়ে বার্তার পাশাপাশি আন্তর্জাতিক ব্যাংকিং বার্তা আদান-প্রদানের প্রচলিত ব্যবস্থা সুইফটও চালু থাকবে। নতুন ব্যবস্থাটি পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফটভিত্তিক তথ্য আদান-প্রদান ব্যবস্থা প্রত্যাহার করা হবে।