বন্ধ চামড়া কারখানা চালুতে ৫ হাজার কোটি টাকা দাবি: এলএফবি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

দেশের চামড়া শিল্পের সংকট নিরসন ও টেকসই উন্নয়নে ১৩ দফা প্রস্তাব দিয়েছে নবগঠিত সংগঠন ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালু করতে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন, স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠা অথবা শক্তিশালী লেদার বোর্ড গঠন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে অলাভজনক জাতীয় শিল্প উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব উপস্থাপন করা হয়।

সংগঠনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। শুধু ইটিপি থাকলেই শিল্পের সব সংকট দূর হবে না। খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠানও সংকটে পড়েছে। যারা বাস্তবে চামড়া শিল্পকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে রাসায়নিক সরবরাহ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক কার্যক্রমে কার্যকর সরকারি সহায়তা দিতে হবে।

সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া শিল্পের বিভিন্ন খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এলএফবির অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়ে পরিকল্পিতভাবে কাজ করবে সংগঠনটি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি বলেন, দেশে নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতার কারণে বিশ্ববাজারে কাঙ্ক্ষিত হিস্যা পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, এসব ঘাটতি পূরণে ছয়টি স্থায়ী কর্মসূচি বিভাগের মাধ্যমে কাজ করবে এলএফবি। প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তোলা এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে কাজ করবে সংগঠনটি।

এলএফবির ১৩ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে সাভারের সিইটিপি আধুনিকায়নের পাশাপাশি নতুন দুটি সিইটিপি নির্মাণ, এক থেকে দুটি বিশেষায়িত চামড়াজাত পণ্য ও জুতা শিল্পপার্ক এবং চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল স্থাপন। এ ছাড়া পূর্ণাঙ্গ চামড়া ও জুতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ কেন্দ্র ও হিমাগার নির্মাণ এবং সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশি চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন।

সহসভাপতি মাওলানা মাহবুবুল হক বলেন, কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোরবানির চামড়া সংগ্রহ ও বিক্রির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শুধু লবণ প্রয়োগে সীমাবদ্ধ না থেকে চামড়া সংরক্ষণ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক সমিতি ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ চামড়া শিল্পের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত