সব ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রাক ও কভারভ্যান ড্রাইভার্স ইউনিয়ন।
শনিবার (২৮ নভেম্বর) সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বশির হাওলাদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ ও মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ আমরা রাজপথে নেমেছি সব ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে। বিগত স্বৈরাচারী শাসকের দোসররা দেশকে আবারও অস্থিতিশীল করার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা রুখে দিতে আমরা বদ্ধপরিকর।’
গোপালগঞ্জের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে অপশক্তিগুলো সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। কিন্তু দেশের সচেতন জনগণ ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের সেই অপতৎপরতা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, ‘শুধু দেশের ভেতরেই নয়, দেশ-বিদেশে বসে বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক চক্রান্ত চলছিল, তাও আজ নস্যাৎ হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।’
নীরব বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’