তবু বক্স অফিসে এগিয়ে ‘রামায়ণ’

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ এএম

নতুন দুই সিনেমার মুক্তিতেও বক্স অফিসে আধিপত্য ধরে রেখেছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ : পার্ট ওয়ান’। মুক্তির ২৩তম দিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৭ কোটি ৯৩ লাখ রুপি। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ৪ কোটি ৯৯ লাখ রুপি। কন্নড়, তামিল, মালয়ালম ও তেলেগু সংস্করণ  থেকেও উল্লেখযোগ্য আয় করেছে সিনেমাটি। এদিকে আয়ুষ্মান খুরানা ও শারভারি অভিনীত ‘ইয়ে প্রেম মোল লিয়া’ প্রথম দিনে আয় করেছে ৩ কোটি ৬৭ লাখ রুপি। সুরজ বরজাতিয়া পরিচালিত পারিবারিক ঘরানার সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি৯’-এর সঙ্গে প্রতিযোগিতায় নামে। সিনেমাটি প্রথম দিনে ৩ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে। নতুন সিনেমার আগমনে হল সংখ্যা ও দর্শক ভাগাভাগি হলেও ‘রামায়ণ’-এর দাপট কমেনি। চতুর্থ সপ্তাহেও সিনেমাটির ধারাবাহিক আয় বক্স অফিসে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতীয় ভাষার সংস্করণগুলোর অবদান সিনেমাটির ব্যবসায় নতুন মাত্রা যোগ করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত