নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে দলের নেতাকর্মিরা। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল হাকিম, কার্য পরিষদের সদস্য অধ্যাপক সাদেকুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফসহ ১১ দলের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল বলেন, ফ্যাসিবাদি সরকারের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। তাদের শাসন আমলে তারা নিরিহ মানুষকে হত্যা করেছে। শাপলা চত্তরে গণহত্যা চালিয়েছে। ৫ আগষ্ট তারা ক্ষমতায় টিকে থাকার জন্য গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। জুলাই স্মৃতিস্তম্ভ হচ্ছে ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের ইতিহাস। সেই আন্দোলনের স্মৃতিবিজড়িত স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। জুলাই আন্দোলনের চেতনা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ। যারা অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এর আগে শনিবার ভোরে ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে জুলাই যোদ্ধা সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থলে যান। সেখানে স্মৃতিস্তম্ভের একাংশ পুড়ে কালো হয়ে আছে দেখতে পান। এঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।