৭ দফায় এক হচ্ছে বিরোধীরা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৫ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রভৃতি ১০ দফা দাবি জানিয়েছে বিএনপি। অভিন্ন দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও সমমনা জাতীয়তাবাদী জোট।

গণতন্ত্র মঞ্চ পেশ করেছে ১৪ দফা দাবি। আবার গণফোরামের একাংশ ঘোষণা করেছে ৮ দফা দাবি। সবার দাবি আলোচনার ভিত্তিতে সমন্বয় করে ৭ দফায় প্রকাশ করা হবে। দাবিনামা চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এই ৭ দফাই হবে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর ‘যৌথ ইশতেহার’। গতকাল মঙ্গলবার বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন।

‘যৌথ ইশতেহার’-এর বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য বিএনপি-গঠিত লিয়াজোঁ কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো আলাদাভাবে তাদের দাবি পেশ করেছে। এসব দাবি পর্যালোচনা করে সম্মিলিতভাবে ন্যূনতম দফা চূড়ান্ত করে যৌথ ইশতেহার হিসেবে ঘোষণা করা হবে।’

কবে নাগাদ ঘোষণা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ চলছে। সময় হলেই ঘোষণা করা হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপি তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আলোচনা করে যৌথ ইশতেহার চূড়ান্ত করবে। আমরা গণতন্ত্র মঞ্চের শরিকরা নিজেদের ফোরামে আলোচনা করব। বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবে। তারপর যৌথ ইশতেহার ঘোষণা করবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি-গঠিত লিয়াজোঁ কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের দফা ছিল ১০টি। গণতন্ত্র মঞ্চের দফা ছিল ১৪টি। ১৩ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। বৈঠকে দফাগুলোর পর্যালোচনা হয়। প্রাথমিকভাবে ন্যূনতম ৭ দফা নির্ধারণ করা হয়েছে। এ মাসের শেষের দিকে যৌথ ইশতেহার ঘোষণা করা হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও লিয়াজোঁ কমিটির সদস্য বরকতউল্লা বুলু দেশ রূপান্তরকে বলেন, ‘স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দল, বিএনপির নেতৃত্বে ৭ দল ও ৫ বাম দলÑ এই ৩ জোট সম্মিলিতভাবে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছিল। নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্র্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘যুক্ত ঘোষণা’ দেওয়া হয়েছিল। একইভাবে বর্তমান অবৈধ সরকারকে হঠাতে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপৎ কর্মসূচি পালন করছে বিএনপি। শিগগির আলোচনা করে যৌথ ইশতেহার ঘোষণা করা হবে।’

বিএনপি-গঠিত লিয়াজোঁ কমিটি ও সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ করে যৌথ ইশতেহারে যে দফাগুলো আসতে পারে তার ইঙ্গিত পাওয়া গেছে। সেগুলো হলো

এক. বর্তমান অনির্বাচিত ও অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগ করতে হবে। অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য স্বাধীন নিরপেক্ষ ইসি গঠন করতে হবে। নির্বাচনের পূর্বশর্ত হিসেবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, মনোনয়ন-বাণিজ্য বন্ধ করতে হবে, অগণতান্ত্রিক আরপিআর সংশোধন করতে হবে, প্রয়োজনীয় প্রশাসনিক পরিবর্তন আনতে হবে, ইভিএম বাতিল করে ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল করবে।

দুই. রাষ্ট্রকাঠামো মেরামত ও গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সাংবিধানিক ক্ষমতাকাঠামো এবং রাষ্ট্র পরিচালনার আইনকানুনের ন্যূনতম সংস্কার করতে হবেÑ প্রধানমন্ত্রীকেন্দ্রিক জবাবদিহিহীন স্বেচ্ছাচারী ও কেন্দ্রীভূত ক্ষমতাব্যবস্থার বদল ঘটিয়ে আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার পৃথককরণ ও যৌক্তিক ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। ন্যায়পাল ও সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা করতে হবে এবং ইসিসহ সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য সাংবিধানিক কমিশন গঠনের আইন প্রণয়ন করতে হবে।

তিন. বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দন্ডপ্রাপ্ত সব বিরোধীদলীয় নেতাকর্মীর সাজা বাতিল, হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সব রাজনৈতিক কারাবন্দির অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-সহ মৌলিক অধিকার হরণকারী আইন বাতিল করতে হবে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকা- বন্ধ করে আগের সব বিচারবহির্ভূত হত্যাকা-, খুনের যথাযথ তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশি ব্যবস্থার নামে শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। সাংবিধানিক অধিকার সভা, সমাবেশ, মিছিল ও মিটিংয়ে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। নতুন কোনো মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা যাবে না। পেশাগত দায়িত্বের বাইরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা যাবে না। রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীগুলোকে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। 

চার. বিগত সময়ে বিদেশে অর্থ পাচার এবং ব্যাংকিং ও আর্থিক খাত, শেয়ার মার্কেট, বিদ্যুৎ ও জ¦ালানি খাতসহ সব খাতে দুর্নীতি ও এর দায়দায়িত্ব চিহ্নিত করতে কমিশন গঠন করতে হবে। এসবের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাশাস্তির ব্যবস্থা করতে হবে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত ও পাচার করা অর্থ ফেরত আনতে ব্যবস্থা নিতে হবে। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। পণ্যের সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। গ্রাম-শহরের গরিব ও স্বল্প আয়ের পরিবারের জন্য রেশন ও নগদ অর্থসহায়তার ব্যবস্থা চালু করতে হবে। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, পানিসহ সব সেবার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। বিদ্যুৎ খাতের, বিশেষ করে কুইক রেন্টাল প্রকল্পবিষয়ক দায়মুক্তি আইন বাতিল করতে হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে; সুলভে গণপরিবহনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রবাসী শ্রমিক ও প্রবাসী বাংলাদেশিদর জীবন, মর্যাদা ও কর্মের নিরাপত্তা এবং দেশে হয়রানিমুক্ত সেবা ও ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

পাঁচ. রাষ্ট্রীয় ও ব্যক্তি খাতে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও বেকারদের আত্মকর্মসংস্থানের বহুমুখী পদক্ষেপ নিতে হবে। দেশে বিনিয়োগে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর নীতিমালা করতে হবে। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে, বন্ধ কলকারখানা চালু করতে হবে, শ্রমিক ও শ্রমজীবীর বাঁচার মতো মজুরি ঘোষণা এবং ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে হবে। স্বাস্থ্য খাতে রাষ্ট্রীয় অংশগ্রহণ বাড়াতে ও বেসরকারি খাতে মুনাফার লাগাম টেনে ধরতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ করতে হবে। প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং উন্নয়ন কর্মকান্ডে প্রকৃতি-পরিবেশকে প্রাধান্য দিতে হবে।

ছয়. নারীর অধিকার ও ধর্মীয় অধিকার, সব জাতিগোষ্ঠীর নাগরিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। নারী নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। অসাম্প্রদায়িক পরিবেশ নিশ্চিত করতে হবে।

সাত. জাতীয় স্বার্থ, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পররাষ্ট্রনীতিতে সমতা, ন্যায্যতা নিশ্চিত করতে হবে। পারস্পরিক স্বার্থ অক্ষুণœ রেখে আন্তর্জাতিক বিধি অনুযায়ী দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত