অবহেলাতেই সীতাকুণ্ডে বিস্ফোরণ!

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০১:৫০ এএম

অবহেলাতেই প্রাণ গেল ছয়জনের। আহত ২২ জনের মধ্যে চোখ হারাল তিনজন। অক্সিজেন সেপারেশন কলামে যখন অক্সিজেন এসে জমা হচ্ছিল, সেই অক্সিজেন বের হওয়ার জন্য যে পাইপগুলো ছিল একপর্যায়ে তা বের হতে না পেরেই প্রবল শব্দে বিস্ফোরিত হয়েছে কলামটি। আর ১০০ ফুট উচ্চতার এ কলামটি ছিল লোহার শিটের তৈরি। এই শিটগুলো যখন প্রবল বেগে ছোটে, তখন শেডের লোহার পাতগুলো কারখানার রডের ছাউনিগুলোকে প্রায় দুই বর্গকিলোমিটার এলাকায় উড়িয়ে নিয়ে যায়। আর লোহার আঘাতে চারপাশে ক্ষতিগ্রস্ত হয়।

গতকাল রবিবার উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর ঘটনাস্থলে কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা আঙুল দিয়ে দেখিয়ে বলেন, এ কলামটি (অক্সিজেন সেপারেশন কলাম) বিস্ফোরিত হয়েছিল। এটি প্রায় ১০০ ফুট উঁচু ছিল। প্রায় ১৪ বর্গফুট আয়তনের এ কলামটিতে অক্সিজেন এসে জমা হতো। একই সঙ্গে দুটি পাইপ দিয়ে আসত বাতাস। আর দুটি পাইপ দিয়ে উৎপাদিত অক্সিজেন দুটি ডেলিভারি পয়েন্টে চলে যেত। সেই ডেলিভারি পয়েন্টে প্রায় ২৪টি সিলিন্ডারে একসঙ্গে অক্সিজেন রিফিল করা যায়। এই প্ল্যান্টে দুটি ডেলিভারি পয়েন্ট ছিল; অর্থাৎ ৪৮টি সিলিন্ডারে একসঙ্গে অক্সিজেন রিফিল করা হচ্ছিল। অক্সিজেন রিফিল হয়ে গেলে পাশেই ট্রাক দাঁড়ানো থাকত সেই ট্রাকে উঠিয়ে দেওয়া হতো বলে জানান মিজানুর রহমান নামের এক শ্রমিক।

বিস্ফোরণ কেন হলো : বিস্ফোরণের কারণ জানতে চাইলে কারখানার শ্রমিক আহমদ মিয়া কলামটিকে দেখিয়ে বলেন, এই কলামে এসে অক্সিজেন জমা হচ্ছিল। সেই অক্সিজেন কোনো না কোনো কারণে ডেলিভারি পয়েন্টে যাচ্ছিল না। কোথাও ব্লকেজ হয়েছিল। ব্লকেজ হয়ে যাওয়ায় কলামের ভেতরে অক্সিজেনের চাপ বেড়ে যায় এবং বিস্ফোরণ হয়। কিন্তু চাপ বেড়ে গেলে তো পাশের অপারেটর বসা ছিলেন। তিনি কলামের পাশের জায়গায় আঙুল প্রদর্শন করে বলেন, এখানে বসত অপারেটর। তাহলে আমার প্রশ্ন, ডেলিভারি পয়েন্টে যে সিলিন্ডার রিফিল হচ্ছিল না, তা অপারেটর খেয়াল করেনি কেন? এই প্রশ্নের জবাবে পাশে থাকা ফোরকান নামের আরেক শ্রমিক বলেন, ডেলিভারি পয়েন্টে যে শ্রমিক কাজ করছিল, সে সুইচ অন করে বসেছিল, সে হয়তো খেয়াল করেনি। একইভাবে অপারেটরও বিষয়টি জানত না। আর এতেই দুর্ঘটনা ঘটে।

কিন্তু হঠাৎ করে ব্লকেজ কেন হবে? এই প্রশ্নের উত্তরে মিজানুর রহমান নামের আরেক শ্রমিক জানান, গত পাঁচ বছরে এই সেপারেশন কলাম চেক করা হয়নি বলে জানেন। হয়তো দীর্ঘদিন মেইনটেন্যান্স না করার কারণে তা ব্লকেজ হয়ে দুর্ঘটনা ঘটিয়েছে।

বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘অক্সিজেন সেপারেশন কলামেই বিস্ফোরণ হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে গ্যাস জ্যাম হয়ে এই বিস্ফোরণ হয়েছে। তারপরও আমরা আরও কিছু বিষয়ে তথ্য সংগ্রহ করছি।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে এর আগে কোনো অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তাই এখানে কেন ঘটল, আমরা তা শনাক্ত করার চেষ্টা করছি।’

কারখানা ব্যবস্থাপকের ভাষ্য : দুর্ঘটনার পর থেকে সীতাকুন্ডের কদমরসুল এলাকার সীমা অক্সিজেন লিমিটেডের কাউকে পাওয়া যাচ্ছিল না কিংবা পরিচয় দিয়ে কেউ সামনে আসছিল না। গতকাল সকালে কারখানার ব্যবস্থাপক আবদুল আলিম সংবাদকর্মীদের সামনে শনাক্ত হওয়ার পর বলেন, ‘আমাদের কারখানার সরকারের সব দপ্তরের (বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস) ছাড়পত্র রয়েছে। সাধারণত অক্সিজেন প্ল্যান্টে দুর্ঘটনা ঘটে না। তারপরও কেন ঘটল তা আমরা বুঝতে পারছি না।’

তদন্ত কমিটির ভাষ্য : সাত সদস্যের তদন্ত কমিটির সদস্যরা গতকাল রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কী পেয়েছেন, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, ‘পুরো তদন্ত শেষ না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে এই প্ল্যান্টের পাশাপাশি আগামীতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং কীভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়, সেই সুপারিশ থাকবে আমাদের রিপোর্টে।’

এদিকে গতকাল সকালেই উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে। তবে ধ্বংসস্তূপ থেকে আর কোনো মরদেহ পাওয়া যায়নি। এমনকি কেউ আহত অবস্থায়ও ছিল না। ফলে গত শনিবারের বিস্ফোরণে ছয়জনের মৃত্যু ও ২২ জন আহত হয়েছে। এই প্ল্যান্ট থেকে শিল্পকারখানায় অক্সিজেন সরবরাহ করা হতো। এ ছাড়া শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার জন্যও এই অক্সিজেন ব্যবহৃত হতো। চট্টগ্রামে বেসরকারিভাবে আবুল খায়ের, লিন্ডে, স্পেকট্রা, মোস্তফা হাকিম, আল রাজিসহ কিছু বেসরকারি প্রতিষ্ঠান অক্সিজেন উৎপাদন করে। এর আগে গত বছরের ৪ জুন পাশর্^বর্তী বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত