কেয়ারটেকার সরকারের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরের মহাসমাবেশের যে কর্মসূচি বাংলাদেশ জামায়াতে ইসলামী দিয়েছে, সে কর্মসূচির অনুমতি দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শাপলা চত্বরে তারা মহাসমাবেশ করবে।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’
এদিকে গতকাল জামায়াতের ঢাকা মহানগর উত্তর এক প্রস্তুতি সভা করেছে। সভায় কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণের কথা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে দলটি। এর আগে ঢাকা মহানগর দক্ষিণের প্রস্তুতি সভা হয়েছে।
একই দিন রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, জামায়াত সমাবেশ করার অনুমতি পায়নি।
গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাজধানী ঢাকার কোথাও জামায়াতে ইসলামীকে সমাবেশ করতে দেওয়া হবে না। এরপর দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানিয়ে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে আবেদন করা হয়েছে তাতে মহাসমাবেশের অনুমতি চাওয়া হয়নি। মহাসমাবেশ করার বিষয়ে অবহিত করা হয়েছে। মহাসমাবেশ করতে দেওয়া হবে না বলে যে বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে তা এখতিয়ারবহির্ভূত।
এর আগে গত ২২ অক্টোবর রবিবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। একই সঙ্গে জানানো হয়, মহাসমাবেশ করার বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) লিখিতভাবে অবহিত করা হয়েছে।
