মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে তিন দিনের প্রবল বর্ষণে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বন্যা ও ভূমিধসের ফলে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩০ আগস্ট) দেশটির জরুরি পরিস্থিতি কমিটির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জরুরি পরিস্থিতি কমিটির মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এখানে ২১ জন মারা গেছে’, যা গত সোমবার থেকে ১৩ জন বেশি।
রাজধানী দুশানবে থেকে খুব দূরে নয় মধ্য তাজিকিস্তানের তিনটি শহরে এসব মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে বন্যা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা দেখা গেছে। তার আগে দেশটির সরকার প্রবল বৃষ্টিপাতের কারণে পার্বত্যাঞ্চলে ভূমিধসের আশঙ্কা করেছিল।
এদিকে বন্য-ভূমিধসে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাইমুন্ডাস করোব্লিস। এছাড়া ইরানসহ বেশ কিছু দেশ তাজিকিস্তান সরকারকে সাহায্য ও সমর্থনের প্রস্তাব দিয়েছে।
