ভূমিকম্পের সময় চলছিল বিয়ে, বেঁচে গেল গ্রামবাসী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম

মরক্কোয় ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় দুই হাজার ৮৬২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে দুই হাজার ৬২ জন। তবে ভূমিকম্পে দেশটির বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হলেও বেঁচে গেছে ইঘিত এনতাগোমোত নামের একটি গ্রাম। ভূমিকম্পের উৎপত্তিস্থলের খুব কাছে হওয়ায় সেখানে বাড়িঘর ধসে পড়েছে। তবে কারও প্রাণহানি ঘটেনি। আর তা হয়েছে গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল বলে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গত শুক্রবার (০৮ সেপ্টেম্বর) ভূমিকম্পের সময় গ্রামের কেউই ঘরের ভেতরে ছিলেন না। সেদিন প্রচণ্ড ঝাঁকুনিতে যখন তাদের ঘরগুলো ধসে পড়ছিল, তারা তখন উঠানে বসে বিয়ের অনুষ্ঠানের ঐতিহ্যবাহী সঙ্গীত উপভোগ করছিলেন। যদিও ভূমিকম্পে আহমেদ আইত আলী ওবেলা নামে এক আট বছর বয়সী শিশু আহত হয়েছে। একটি পাথর তার মাথায় পড়েছিল।

যদিও বাড়িঘর ধসে পড়ার মুহূর্ত তারা মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেছেন। সেই ভিডিওতে দেখা গেছে, সংগীতশিল্পীরা মরক্কোর ঐতিহ্যবাহী পোশাক পরে বাঁশি ও ছাগলের চামড়ার তৈরি ড্রাম বাজাচ্ছেন। এ সময় হঠাৎ করেই ভূকম্পন শুরু হয়। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে।

জানা গেছে, বিয়েটি হওয়ার কথা ছিল শনিবার, কেট্টো গ্রামে। কিন্তু প্রথা অনুসারে কনেপক্ষ বিয়ের আগের রাতে একটি অনুষ্ঠান আয়োজন করে। বিয়েটা হচ্ছিল ওই গ্রামের বাসিন্দা হাবিবা আজদির (২২) সঙ্গে আপেল চাষি মোহাম্মদ বৌদাদের (৩০)। পরে নবদম্পতি জানান, ভূকম্পনের সময় খুব ভয় পেয়েছিলেন বর।

গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মোহাম্মদ বলেন, আমরা বিয়ের অনুষ্ঠান উদযাপন করছিলাম। এর মধ্যে ভূকম্পন হয়। আমি তার (হাবিবা) গ্রাম নাকি আমার গ্রাম নিয়ে দুশ্চিন্তা করব বুঝতে পারছিলাম না। বিয়ের অনুষ্ঠানের জন্য ১৫০টি মুরগি এবং ৩০ কেজি ফল কেনা হয়েছিল। কিন্তু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এর বেশিরভাগই এখন পচে গেছে। বিশ্রামের জন্য আমরা এখন শুধু একটি তাঁবু খুঁজছি।

এদিকে গ্রামের বাসিন্দারা যখন বেঁচে গিয়ে নতুন জীবন শুরু করছে তখন জানা গেছে তাদের কয়েক কিলোমিটার নিচে পাহাড়ি রাস্তায় মারাকেশের দিকে তিকেখতে গ্রামটি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে একটি বাড়িও অবশিষ্ট নেই এবং গ্রামের ৪০০ জন বাসিন্দার মধ্যে ৬৮ জন মারা গেছেন।

আরও পড়ুন: পুতিন-কিমের বৈঠকের আগেই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত