শরীরের উত্তাপ থেকে জ্বালানি

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৫:৩৫ এএম

স্কটল্যান্ডের এক ক্লাব তাদের গ্রাহকদের পরিবেশ সংরক্ষণে অবদান রাখার অভিনব সুযোগ করে দিচ্ছে। দেশটির গ্লাসগো শহরের ‘এসডব্লিউজিথ্রি’ ক্লাব পার্টির অতিথিদের শরীরের উত্তাপ সংরক্ষণ করে পুনর্ব্যবহার করছে। বডিহিট নামে একটি পদ্ধতির মাধ্যমে নাচের ফ্লোরকে ছোটখাটো জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করেছে ক্লাবটি। আর সেখানে প্রত্যেক মানুষের অবদান ১৫০ থেকে ৪৫০ ওয়াট।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ সাল থেকে ক্লাবটি সারা দিন ধরে সেই জ্বালানি ব্যবহার করে। জীবাশ্মভিত্তিক জ্বালানির মাত্রা শূন্যে নিয়ে আসাই ক্লাবটির লক্ষ্য। ক্লাবের অপারেশনস ম্যানেজার বব জাভাহেরি বলেন, ‘আমরা উত্তাপের ফলে সৃষ্টি হওয়া শক্তি ধারণ করে কাজে লাগানোর চেষ্টা করছি। সেই শক্তি সংরক্ষণ করে সেটি দিয়ে সরাসরি বা পরে কোনো সময়ে হিটিং বা এয়ার কন্ডিশনিং করার চেষ্টা করছি। এভাবে নিজেদের এনার্জি ফুটপ্রিন্ট এবং বিদ্যুতের ব্যবহার কমাতে চাই। সেই সঙ্গে গ্যাসের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে চাই।’

তিনি জানান, সিলিংয়ে বসানো বিশেষ ফ্যান তিনটি ডান্সফ্লোর থেকে উষ্ণ বাতাস শুষে নেয়। তারপর হিট পাম্প সেই শক্তি এক ধরনের তরলের মাধ্যমে উঠানে পাঠিয়ে দেয়। দুটি ১০০ মিটার গভীর গর্তে সেই তরল সংরক্ষণ এবং পরে সেটির উত্তাপ ব্যবহার করা হয়।

ডয়চে ভেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনবদ্য এই উদ্ভাবন করেছেন জ্বালানি প্রকৌশলী হিসেবে পরিচিত ডেভিড টাউন্সএন্ড। তিনি তিন বছরের চেষ্টার পর ফল পেয়েছেন। ডেভিড টাউন্সএন্ড বলেন, ‘এক মিনিট বা তারও কম সময়ে সিলিংয়ের বাক্স থেকে উত্তাপ সরাসরি গর্তে চলে যায়। সেই উত্তাপ প্রয়োজনমতো সময়ে ধারণ করা যায়। যেমন রাতে উত্তাপ ভরে দিনের বেলায় সেটা বের করতে পারি। অথবা গ্রীষ্মে আমরা অনেক পরিমাণ উত্তাপ সঞ্চয় করে শীতে তা ব্যবহার করতে পারি; অর্থাৎ সংরক্ষণের সময়কাল প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিতে পারি।’

তবে এই ‘বডিহিট’ পদ্ধতি স্থাপনের খরচ মোটেই কম নয়। মোট ব্যয় প্রায় সাত লাখ ইউরো। তা সত্ত্বেও অন্যান্য ক্লাবও একই পথে অগ্রসর হতে চাইছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত