জাতির দলিল সেলুলয়েডে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৫:৫৬ এএম

বাঙালির মুক্তির জন্য গর্জে উঠেছিল একটি তর্জনী, বজ্রকণ্ঠে জেগে উঠেছিল সাত কোটি বাঙালি। একটি স্বাধীন ভূখণ্ডে জন্ম দেওয়া জাতির পিতার জীবনী এবার ভেসে উঠবে চলচ্চিত্রের পর্দায়। আজ শুক্রবার সারা দেশের ২০০টির বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’।

এ ছাড়া প্রতিবেশী দেশ ভারতে এটি মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিনেমাটির শুভমুক্তি ঘোষণা করে দেশবাসীকে এটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় আপনারা এই চলচ্চিত্রের মাধ্যমে জানতে পারবেন।’

গতকাল ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সিনেমার মুক্তি ঘিরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুর রহমান চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী বলেন, ‘চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ, শুভর চেষ্টা সত্যিই প্রশংসনীয়। যেকোনো অভিনেতার জন্য অনেক বড় চাপ বায়োপিকে অভিনয় করা। একজন মানুষ দেশের জন্য জীবন দিয়েছে, সেই সত্যি ইতিহাসের কিছুটা আমরা দেখতে পাব সিনেমাটিতে।’

খন্দকার মোশতাক চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, শুভ সিনেমাটিতে অত্যন্ত ভালো অভিনয় করেছে। বায়োপিকে অভিনয় করা আসলেই ভীষণ কঠিন কাজ। শুভ সেই কঠিন কাজটিই করেছে তার সর্বাত্মক চেষ্টা দিয়ে।’

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ বলেন, ‘চঞ্চল ভাই বলছিলেন যে বায়োপিকে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্য কঠিন। আর বাবু ভাই তো বললেন, ছোট-খাটো-মাঝারি খন্দকার মোশতাকরা তো এখনো আছেন। এমন একটি চরিত্রে অভিনয় করেছি, যেটা বাঙালির কাছে ভীষণ আবেগের একটি চরিত্র। এই আবেগের কারণে খন্দকার মোশতাকরা আবার অনেক কিছু বলে।’

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘প্রস্তাব আসা থেকে শুরু করে এ পর্যন্ত খুব সুন্দর একটা সফর শেষ করলাম। শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা জানার পর নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছিল। এ পর্যন্ত কেউ পর্দায় তার চরিত্রে অভিনয় করেনি।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্পনির্দেশনা দিয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর ছিলেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। চলচ্চিত্রটির সংগীত প্রযোজনা করেছেন খ্যাতনামা ভারতীয় সংগীত পরিচালক শান্তনু মৈত্র। বাংলা সংলাপ লিখেছেন বাংলাদেশের সাধনা আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন ও অনম বিশ্বাস। সিনেমায় ব্যবহৃত অচিন মাঝি গানটি লিখেছেন জাহিদ আকবর, সুর ও সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। এরপর চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)।

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে অনেকেই চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু তারা কেউ সফল হননি। পূর্ব পাকিস্তানের অভিনেতা রাজ তাকে নিয়ে ১৯৭০ সালে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন, যার নাম ছিল ‘বঙ্গবন্ধু’। লেখক আবদুল গাফফার চৌধুরী বঙ্গবন্ধুকে নিয়ে দ্য পোয়েট অব পলিটিকস শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন। শোনা গিয়েছিল সেই চলচ্চিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। কিন্তু চলচ্চিত্রটি আলোর মুখ দেখেনি। এরপর ২০১০ সালে ভিবজিয়র ফিল্মস হলিউডে বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করে। পরের বছর সেটি শুরু করার কথা থাকলেও তা আর এগোয়নি। এর সাত বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বাবার জীবনী নিয়ে চলচ্চিত্র করার প্রস্তাব দেন। এরপর বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণের ঘোষণা আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত