কাজ শেষ করে রাতে বন্ধুকে নিয়ে বাইকে শ্রমিক হোস্টেলে ফেরার সময় মালয়েশিয়ায় মারা গেছেন এক বাংলাদেশি শ্রমিক। জালান মেরাপোহ-সুনগাই রেলাউ ক্যাম্প এলাকার ওই দুর্ঘটনায় বাইকে থাকা আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন।
মালয়েশিয়ার স্থানীয় সাংবাদিক জ্যাক জেড দুর্ঘটনার ছবি তুলেছেন। পুলিশের বরাত দিয়ে তিনি দেশ রূপান্তরকে জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে দশটার ঠিক আগে মোহাম্মদ আলী নামের ওই বাংলাদেশি মারা যান। তার বন্ধু ৩৩ বছর বয়সী সালাম মোহাম্মদ হাসপাতালে।
তারা দুজনেই রেলাউ রিভার ক্যাম্পে নিজেদের থাকার জায়গায় ফিরছিলেন।
যেভাবে হল দুর্ঘটনা: সালামকে নিয়ে আলী একটি পাম অয়লের বাগানের ভেতর দিয়ে বাইকে ফিরছিলেন। দুজনের কারো মাথায়ই হেলমেট ছিল না।
জায়গাটি অন্ধকার হওয়ায় আলী রাস্তায় গরুর উপস্থিতি বুঝতে পারেননি। ওদিকে বাইকের শব্দ শুনে গরুগুলো ছোটাছুটি শুরু করলে আলীরা নিয়ন্ত্রণ হারিয়ে ছোট একটি ব্রিজে ধাক্কা খান।
ডাক্তারকে উদ্ধৃত করে জ্যাক জানিয়েছেন, ভুক্তভোগীর মাথায় মারাত্মক আঘাত লাগে। তিনি ঘটনাস্থলেই মারা যান।
‘সালামের বাঁহাত ভেঙে গেছে। তিনি ক্যালানটানের গুয়া মুসাং হাসপাতালে ভর্তি আছেন।’
আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে নেয়া হয়েছে।
