সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল সোমবার সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিতব্য ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩ এবং দ্য ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, এই সিম্পোজিয়ামের লক্ষ্য মূলত বন্ধুভাবাপন্ন দেশসমূহের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারি সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। সেনাবাহিনী প্রধান সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধানরা ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তিনি আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ত্যাগ করবেন এবং ৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
