দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৬:৪৪ পিএম

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে সাকিব আল হাসানকে। দুই বছরের মধ্যে এক বছর হচ্ছে স্থগিত নিষেধাজ্ঞা।

মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এক বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় সাকিব মাঠে ফিরতে পারবেন ২০২০ সালের ২৯ অক্টোবর। এর আগ পর্যন্ত সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

এরপর মাঠে ফিরলেও বাকি এক বছর তাকে নেমে চলতে হবে আইসিসির নানা বিধিনিষেধ।

আইসিসির অ্যান্টি করাপশন কোডের নির্দিষ্ট একটি ধারায় মোট তিনটি অভিযোগ আনা হয়েছে সাকিবের বিরুদ্ধে। শাস্তি প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘আমি সত্যিই ব্যথিত, যে খেলাটা ভালোবাসি তা থেকে নিষেধাজ্ঞা পেয়ে। ঠিকমতো তথ্য না জানানোয় আমি নিজের ভুল পুরোপুরি স্বীকার করি।’

আইসিসির দুর্নীতি বিরোধী আইনে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করলে এবং সেটি প্রমাণিত হলে সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছরের নিষেধাজ্ঞার কথা বলা আছে। তবে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে সহায়তা করায় সাকিবের ওপর সন্তুষ্ট আইসিসি। তাই স্থগিত নিষেধাজ্ঞাসহ সেটি দুই বছর করা হয়েছে সাকিবের ক্ষেত্রে।

আইসিসির নৈতিকতা বিষয়ক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘সাকিব সব দায় স্বীকার করে নিয়েছে এবং এ তদন্তে পূর্ণ সহযোগিতা করেছে। সে ভবিষ্যতে আইসিসির সততা বিভাগকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তরুণ ক্রিকেটারদের তার ভুল থেকে শিক্ষা নিতে বলবেন। আমি তার প্রস্তাব গ্রহণ করতে পেরে খুশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত