মালদিনিকে ছাড়িয়ে চূড়ায় বুফন

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৪:১১ এএম

ইতালিয়ান লিগ সিরি আ’য় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে পাওলো মালদিনিকে ছাড়িয়ে গেলেন জিয়ানলুইজি বুফন।

শনিবার তুরিনোর বিপক্ষে মাঠে নামতেই রেকর্ড বুকে নাম উঠে যায় বুফনের। এদিন ইতালিয়ান লিগে ৬৪৮তম ম্যাচ খেলতে নেমেছিলেন ৪২ বছর বয়সী গোলরক্ষক।

এ ম্যাচের আগে এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনির (৬৪৭) সঙ্গে এই রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন বুফন। এবার কীর্তি শুধুই নিজের করে নিলেন কদিন আগেই জুভেন্তাসের সঙ্গে এক বছরের নতুন চুক্তি সারা কিংবদন্তি গোলকিপার।

মালদিনিকে ছুঁয়ে গত ডিসেম্বর থেকেই বুফন রেকর্ডটা নিজের করে নেওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু বয়সের ভারে এখন আর জুভেন্তাসের এক নম্বর গোলরক্ষক নন তিনি। তাই দ্রুতই রেকর্ডটা হয়নি তার। তা ছাড়া মাঝে ‘করোনা বিরতি’ও পড়েছিল।

২৫ বছর আগে পার্মার হয়ে ইতালিয়ান লিগে অভিষেক হয়েছিল বুফনের। দলটির হয়ে ছয় মৌসুম খেলে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। এরপর ২০০১ সালে নাম লেখান জুভেন্তাসে।

টানা ১৭ বছর তিনি কাটান তুরিনের ক্লাবটিতে। ২০১৭-১৮ মৌসুমের শেষে তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি পাড়ি জমান ফ্রান্সে। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে এক মৌসুম খেলে আরো বড় চমক উপহার দিয়ে চলমান ২০১৯-২০ মৌসুমের শুরুতে তিনি ফের জুভদের শিবিরে ফেরেন।

সিরি আতে পার্মার হয়ে ১৬৮টি, জুভেন্তাসের হয়ে প্রথম দফায় ৪৭২টি ও দ্বিতীয় দফায় এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন বুফন। সব মিলিয়ে ২৫ বছরের বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে তার খেলা মোট ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫টিতে।

ইতালি জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ১৭৬ ম্যাচ খেলার রেকর্ডও বুফনের। ২০১৮ সালে জাতীয় দলকে বিদায় বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত