ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হওয়ার আগে ৩৬৯ রানের পুঁজে গড়েছে।
শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন লেজের ব্যাটার স্টুয়ার্ড ব্রড। দশ নম্বরে নেমে খেলেছেন ৬২ রানের ইনিংস। তার অনবদ্য ব্যাটিংয়েই তিন শ পেরোনো পুঁজি পেয়েছে স্বাগতিকরা।
এদিন দিনের শুরুটা ছিল ওয়েস্ট ইন্ডিজের। আগের দিনের ৯১ রান নিয়ে দিন শুরু করা অলি পোপকে এদিন আর কোনো যোগ করতে দেননি শ্যানন গ্যাব্রিয়েল। ৫৬ রান নিয়ে দিন শুরু করা জজ বাটলারকেও ফেরান তিনি। ৬৭-তে থামেন বাটলার।
ক্রিস উকস (১) ও জোফরা আর্চারকে (৩) ফেরান কেমার রোচ। তাতে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করলেও ২৮০ রানে ৮ উইকেট হারিয়ে তিন শ পেরোনোর শঙ্কায় পড়ে যায় ইংলিশরা।
এরপরই দৃশ্যপটে আসেন ব্রড। নবম উইকেটে ডোমিনিক বেসের সঙ্গে গড়েন ৭৬ রানের জুটি। তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের ১২তম ফিফটি।
শেষ পর্যন্ত রোস্টন চেজের শিকার হয়ে ফেরেন ব্রড। মাত্র ৪৫ বলে ৯ রান ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। এরপর ১১ রান করা জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে ইংলিশদের ইনিংস গুটিয়ে দেন জ্যাসন হোল্ডার। বেস ১৮ রানে অপরাজিত থেকে যান।
প্রথম ইনিংসে ক্যারিবীয়দের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল কেমার রোচ। গ্যাব্রিয়েল ও চেজ নিয়েছেন ২টি করে উইকেট।
ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হতেই লাঞ্চ বিরতি দিয়েছেন আম্পায়াররা। লাঞ্চের পর নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।
