ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া পারফরম্যান্সে নিজের জাত চিনিয়েছেন। ২৩ বছর বয়সী দুবিন্দু শচিন তিলকরত্নের সামনে এবার টেস্ট ক্যাপ পরার হাতছানি। বাংলাদেশের বিপক্ষে আসছে সিরিজে শ্রীলঙ্কার ২৩ সদস্যের টেস্ট পুলে রয়েছেন দুবিন্দু তিলকরত্নে। যিনি দেশটির সাবেক টেস্ট অধিনায়ক হাসান তিলকরত্নের ছেলে।
শ্রীলঙ্কার দ্য আইল্যান্ড পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তিলকরত্নের ছেলের টেস্ট পুলে জায়গা পাওয়ার কথা বলা হয়েছে।
বাবার মতোই তিলকরত্নে জুনিয়রের পরিশ্রমী ক্রিকেটার হিসেবে খ্যাতি রয়েছে। শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের বছরে (১৯৯৬) তার জন্ম। দুবিন্দুর যমজ ভাই রবিন্দুও প্রথম শ্রেণির ক্রিকেটার।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে টেস্ট পুলে লাহিরু উদানা, সান্তোস গুনাথিলাকা, মিনোদ ভানুকা রয়েছেন। তরুণ অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস এবং ওয়ানিদু হাসারাঙ্গাও রয়েছেন। বৃহস্পতিবার থেকে এই খেলোয়াড়রা অনুশীলন শুরু করবে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অবশ্য এখনো সিরিজের সূচি প্রকাশ করেনি। অক্টোবরের শেষ সপ্তাহে সিরিজটি শুরু হবে পারে। তার আগে এ মাসের শেষ দিকে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে।
এ বছর ফেব্রুয়ারির পর শ্রীলঙ্কায় আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সব ঠিক থাকলে বাংলাদেশ সিরিজ দিয়েই এই দীর্ঘ বিরতি কাটবে।
দুবিন্দু তিলকরত্নে ডানহাতি ব্যাটিংয়ের সঙ্গে বাঁ-হাতি স্পিনে দারুণ পারদর্শী। বার্গার রিক্রিয়েশন ক্লাবের হয়ে চলতি মৌসুমটা কাটিয়েছেন দুর্দান্ত। সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে মৌসুম শেষ করেন তিনি।
১৯ ম্যাচে নিয়েছেন ৬১ উইকেট। এর মধ্যে পাঁচ বার ৫ উইকেট ও তিনবার নিয়েছেন ১০ উইকেট। এখন পর্যন্ত ২৯ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন দুবিন্দু। সঙ্গে ১১টি লিস্ট ‘এ’ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন।
