জুনিয়র এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০৭:৪১ পিএম

জুনিয়ার এশিয়া কাপ (অনূর্ধ্ব-২১) হকিতে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে এশিয়ার অন্যতম শক্তিধর ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে লড়বে হবে আশরাফুল ইসলাম, ফজলে হোসেন রাব্বিদের।

আগামী ২১-৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ১০ দলের জুনিয়র এশিয়া কাপের আসর। যা জুনিয়র বিশ্বকাপের বাছাই পর্বও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ।

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এরই মধ্যে গ্রুপিং চূড়ান্ত করেছে। বাংলাদেশ রয়েছে পুল ‘এ’ তে। স্বাগতিকদের সঙ্গে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ছাড়া গ্রুপের অন্য দল চাইনিজ তাইপে।

পুল ‘বি’ তে রয়েছে মালয়েশিয়া, জাপান, চীন, সিঙ্গাপুর ও উজবেকিস্তান।

বাংলাদেশ এই আসরে সেমিফাইনালের লক্ষ্য ঠিক করেছে। সেমিফাইনাল খেলতে পারলে জুনিয়র বিশ্বকাপের টিকিট মিলবে।

এমনিতে এই আসর থেকে তিনটি দল পাবে জুনিয়র বিশ্বকাপের টিকিট। যে আসরের স্বাগতিক ভারত। অর্থাৎ ফেভারিট ভারত সেমিফাইনাল খেললে অন্য তিন সেমিফাইনালিস্টও পাবে জুনিয়র বিশ্বকাপের টিকিট।

তবে কঠিন গ্রুপে পড়ায় বাংলাদেশের লক্ষ্য পূরণ বেশ কঠিনই হয়ে পড়ল। বিশ্ব বা এশিয়ান র‌্যাঙ্কিং অনুযায়ী গ্রুপে বাংলাদেশের পেছনে কেবল চাইনিজ তাইপে।

তবে এরপরও দলটির কোচ মামুন উর রশিদ আশাবাদী, ‘র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে গ্রুপিং হয়েছে। তাই চাইলেও আমাদের সহজ পুলে থাকার সুযোগ ছিল না। তারপরও আমরা সেরা তিনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করব। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে লক্ষ্যপূরণ করতে চাই।’

আরো পড়ুন:

কঠিন মিশনে আত্মবিশ্বাসই আশরাফুলদের শক্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত