লা লিগায় সোমবার রাতে হুয়েস্কার বিপক্ষে খেলবে বার্সেলোনা। এ ম্যাচে মাঠে নামলেই দারুণ এক মাইলফলক ছুঁবেন অধিনায়ক লিওনেল মেসি। বার্সেলোনার পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে জাভি হার্নান্দেজের পাশে বসবেন আর্জেন্টাইন তারকা।
সব প্রতিযোগিতা মিলে জাভি বার্সেলোনার পক্ষে খেলেছেন ৭৬৭ ম্যাচ। কাতালান ক্লাবটির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মৌসুমের গ্রীষ্মেই। মেসি নতুন চুক্তিতে যাবেন কি-না সে নিয়ে কৌতূহল সবার। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বার্সার সর্বকালীন রেকর্ড নিজের করে নিতে যাচ্ছেন মেসি।
বার্সার পক্ষে সর্বাধিক গোলের রেকর্ডও মেসির। এখন পর্যন্ত তার গোল ৬৫৮টি। বার্সার পক্ষে মিনিটের হিসেবে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডও মেসির। এখন পর্যন্ত ৬২৪৪৭ মিনিট খেলেছেন মেসি। তার পরের স্থানে থাকা জাভি খেলেছেন ৫৮৬৭৫ মিনিট। এ ছাড়া ক্লাবটির হয়ে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ডও মেসির।
