মেসির এখন শুধু বিশ্বকাপটা জেতা প্রয়োজন

আপডেট : ১১ জুলাই ২০২১, ১০:১৯ পিএম

সোনায় মোড়ানো ক্যারিয়ারে অনেক ট্রফিই তিনি উঁচিয়ে ধরেছেন। কিন্তু দেশের হয়ে একটা ট্রফি জয় ছিল তার চিরন্তন আক্ষেপ। অবশেষে কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে সেই অপ্রাপ্তি ঘুচালেন লিওনেল মেসি।

রবিবার বাংলাদেশ সময় ভোরে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। সুবাদে ২৮ বছর পর মেজর কোনো টুর্নামেন্টে শিরোপা পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

১৯৯৩ সালে কোপা আমেরিকা জয়ের পর শিরোপা পায়নি আর্জেন্টিনা। এবারের কোপার আগে মেসি ৪টি মেজর টুর্নামেন্টের ফাইনালে ওঠেও হাসতে পারেননি। তিনটি কোপা ও একটি বিশ্বকাপের ফাইনালে ওঠেও ব্যর্থ হতে হয় তাকে।

অথচ বার্সেলোনার হয়ে মেসি ঠিকই একের পর এক শিরোপা জিতেছেন। ক্যারিয়ারজুড়ে তাই একটা অভিযোগও শুনে যেতে হয়েছে তাকে- ক্লাবের হয়ে যতটা ভালো মেসি, দেশের হয়ে নন।

সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে বিতর্কেও এই জায়গাটায় মেসিকে পিছিয়ে রাখতেন সমালোচকেরা। মেসি শেষ পর্যন্ত সেই অপবাদ দূর কতে পারলেন।

কোপার এই ফাইনাল নিশ্চিতভাবেই সর্বকালের সেরা ফাইনালের তালিকায় থাকবে না। তবে টুর্নামেন্ট জুড়েই মেসি ছিলেন দুর্দান্ত এবং মেসির জন্য আলোচনায় ছিল আসরটি।

এই কোপায় দেশের হয়ে সবচেয়ে বেশি গোল ও সবচেয়ে বেশি ম্যাচ খেলারও কীর্তি গড়েছেন মেসি। এখন আকাশি-নীল জার্সিতে একটা বিশ্বকাপ চাই তার। যে সুযোগ তিনি পাচ্ছেন আগামী বছরই, কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে। যখন মেসির বয়স হবে ৩৫। ইনজুরিতে না পড়লে নিশ্চিতভাবেই টুর্নামেন্টে দেশকে নেতৃত্ব দেবেন মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত