টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি এখন সাকিব

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৯:৩৭ পিএম

লাসিথ মালিঙ্গাকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি এখন বাংলাদেশের সাকিব আল হাসান।

রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে এই মাইলফলক গড়েছেন সাকিব।

৪ ওভার বল করে ১৭ রান খরচায় ২ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।

১১তম ওভারে জোড়া উইকেট তুলে নেন সাকিব। রিচি বেরিংটনকে তুলে নেওয়ার পর মিচেল লিস্ককেও ফেরান। তাতেই ইতিহাসে নাম উঠে যায় তার।

৩৪ বছর বয়সী অলরাউন্ডারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট এখন ১০৮টি। ২০০৬ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৮৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। খেলেছেন বাংলাদেশের হয়ে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ।

৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে এত দিন টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল বোলার ছিলেন মালিঙ্গা।

এই তালিকায় অষ্টম স্থানে আছেন ‘কাটার মাস্টার’ খ্যাত বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ৫৩ ম্যাচে ৭৮ উইকেট তার।

ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে টি-টোয়েন্টিতে সাকিব ষষ্ঠ সফল বোলার। ৩৪৬ ম্যাচে ৩৮৮ উইকেট তার।

এ ছাড়া সাকিব ইতিহাসের মাত্র চতুর্থ ক্রিকেটার যাদের টি-টোয়েন্টিতে রয়েছে ৫ হাজার রান, ৩০০ উইকেট ও ৫০ ক্যাচ। সাকিব ছাড়া এই কীর্তি আছে শুধু কিয়েরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো এবং আন্দ্রে রাসেলের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত