হুট করেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় বেজায় ক্ষুব্ধ জাতীয় দলের অন্যতম তারকা মেহেদী হাসান মিরাজ। চলতি বিপিএলে আর খেলা চালিয়ে যেতে চান না তিনি। সাংবাদিকদের মিরাজ বলেছেন, ‘আসলে খেলার মন মানসিকতা নেই আমার।’
বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।
শনিবার সিলেট সানরাইজার্সকে ১৬ রানে হারায় চট্টগ্রাম। আগে ব্যাট করে প্রথম দল হিসেবে এদিন দু শ রানের পুঁজি গড়েছিল দলটি। কিন্তু ম্যাচের আগে বিতর্কের জন্ম দেয় তারা মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে। মিরাজের পরিবর্তে চট্টগ্রামকে নেতৃত্ব দেন নাঈম ইসলাম।
মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম বলেছিলেন, ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে কোচ পল নিক্সন চাপ মুক্ত রাখতে মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন।
কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছেন মিরাজ, ‘কোচ যাওয়ার আগে নাকি আমাকে নিয়ে অনেক কথা বলেছে, আমি নাকি নিজের জন্য ক্রিকেট খেলি। ও আজকে আমাকে ফোন দিয়েছে, ৩০ মিনিটের মতো কথা হয়েছে। ও এ রকম কিছু বলেনি।’
চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির মিথ্যাচার করেছেন বলে দাবি মিরাজের, ‘ও যে বিবৃতি দিয়েছে গণমাধ্যমে, সব মিথ্যা।’
মিরাজ আরো বলেন, ‘খেলার তিন ঘণ্টা আগে বলেছে, ‘‘তুমি আজ অধিনায়কত্ব করছ না।’’ আমি বলেছি, ‘সিদ্ধান্ত এখন কেন? আপনাদের চিন্তা ভাবনা থাকলে আমাকে আগে জানাতেন। আমি কি আগে থেকে বলেছি অধিনায়কত্ব করব?’
ইয়াসির প্রধান নির্বাহী থাকলে মিরাজ খেলবেন না বলেও জানিয়ে দেন, ‘সিইওকে সব সময়তো ব্যস্ত থাকে দেখি। ও যদি দলে থাকে আমি থাকব না। ইয়াসির ভাই যদি না থাকে তাহলে আমি খেলব, নয়তো খেলব না। এটা স্পষ্ট।’
