একটা সময় সাকিব আল হাসান ও তামিম ইকবালের বন্ধুত্বের খবর প্রচার হতো সংবাদমাধ্যমে। তবে অনেকদিন ধরেই দুজনের বন্ধুত্বের কথা আর সামনে আসে না। বরং ক্রিকেট মহলে এটা ‘ওপেন সিক্রেট’ যে, দুজনের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। যা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে এই জায়গায় নিজের অসহায়ত্বের কথাও বলেছেন তিনি।
ক্রিকবাজে শনিবার প্রকাশিত সাক্ষাৎকারে সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে মুখ খোলেন বিসিবি সভাপতি। এ সময় তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, এটি কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্কে ফাটল) এমন নয় যে আমি সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গেই কথা বলেছি এবং বুঝতে পেরেছি যে এই মুহূর্তে তাদের মধ্যকার সমস্যাগুলো নিষ্পত্তি করা সহজ নয়। এটা আমার পর্যবেক্ষণ।’
এ পরিস্থিতিতে সাকিব-তামিম দুজনকেই একটি বার্তা দেওয়া হেয়েছে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন, ‘তাদের দুজনকেই একটি বার্তা দেওয়া হয়েছে- আমরা জানি না আপনাদের মধ্যে কি চলছে। তবে আপনারা যে ম্যাচে বা সিরিজ খেলছেন, সেখানে এই সমস্যাগুলো যেন সামনে আসে। তারা দুজনেই এই আশ্বাস দিয়েছেন যে খেলার সময়ে এর প্রভাব পড়বে না।’
এই মুহূর্তে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আর সাকিব আল হাসান টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে রয়েছেন। অথচ দুই অধিনায়কের সম্পর্কই ভালো নয়।
বিসিবি সভাপতি বলেন, ‘তাদের (সাকিব ও তামিম) মাঠে এবং ড্রেসিংরুমেও কথা বলতে হয়। ড্রেসিংরুমের পরিবেশও খারাপ ছিল, তবে কিছুটা উন্নতি হয়েছে। এই সিরিজ থেকে (ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ) আমি অন্তত ড্রেসিংরুমে এটি (তাদের সম্পর্ক) পরিবর্তন করতে চাই। তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।’
১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে টাইগারদের। ওয়ানডে সিরিজ শেষে সমান সংখ্যাক টি-টোয়েন্টিও খেলবে দুই দল।
