প্রথম লেগ ১-১। আজ দ্বিতীয় লেগ নিজেদের মাঠ ইতিহাদে, যে আঙিনায় চ্যাম্পিয়নস লিগে সবশেষ দুই ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে তারা, সবশেষ ২৫ ম্যাচে অপরাজিত তারা। তবুও সেমিফাইনালের আজ রাতের ফিরতি পর্বে নিজেদের ফেবারিট ভাবছেন না ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।
'আমি জানি না (কে ফেভারিট)। আমরা এই প্রতিযোগিতায় আছি; কেননা, প্রতি মৌসুমের শেষ পর্যায়ে আমরা এখানে থাকি। যে দল জয়ের যোগ্য, আশা করি তারাই জিতবে।' ঘরের মাঠে খেলার যেমন সুবিধা আছে, চাপও নেহাত কম নয়। তাই গার্দিওলার চাওয়া ডি ব্রুইনে- হলান্ডরা যেন নির্ভার থেকে মাঠে নামেন। মিলিয়ে দেয় তার 'ভিন্ন' পরিকল্পনাও। 'ভালো পারফরম করতে হবে আমাদের। খেলোয়াড়দের মাথায় এবং হৃদয়ে আমাকে এই বিশ্বাসের বীজটা বুনে দিতে হবে যে, তাদের রিয়াল মাদ্রিদকে হারানোর মতো খেলতে পারে। তা না হলে এটা (আমাদের জন্য) খুবই কঠিন হয়ে যাবে।'
তবে গার্দিওলা জানান, 'কিছু বিষয় ভিন্নভাবে করার একটা পরিকল্পনা আমার আছে এবং সেটা হচ্ছে আক্রমণে কেবল আরেকটু বেশি জোর দেওয়া। এই কাজটা খেলোয়াড়দের নির্ভার হয়ে সহজাতভাবে করতে হবে।'
অন্যদিকে, রিয়াল কোচ কার্লো আনচেলত্তির মতে সাহস এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে, 'এই ধরনের ম্যাচের একটি মূল ব্যাপার হলো সাহস। এই পর্যায়ে ব্যক্তিগত ও দলীয় মানের দিক থেকে আমরা সমানে সমান, কিন্তু সাহসই পার্থক্য গড়ে দেয়।' প্রথম লেগের মতো এবারো নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা অমীমাংসিত থাকলে খেলা গড়াতে পারে টাইব্রেকারে। তবে এ নিয়ে ভাবছেন না আনচেলত্তি। মূল ম্যাচেই কাজ শেষ করার লক্ষ্য রিয়াল কোচের।
'আমরা এটি (টাইব্রেকার) নিয়ে ভাবিনি, কারণ বিষয়টি নিয়ে ভাবা ভুল হবে। এটি এমন এক ম্যাচ যা পেনাল্টি শুটআউটে যেতে পারে, তবে আমরা এ নিয়ে ভাবছি না, আমরা মূল ম্যাচেই জিততে চাই।'
