বর্জ্য অপসারণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

আপডেট : ০২ জুন ২০২৬, ০৭:৫০ এএম

কোরবানির পশুর হাটে বর্জ্য অপসারণ শেষে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক বিভাজকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। গতকাল সোমবার কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ শেষে তিনি এ কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, কোরবানির পশুর হাটের কারণে উত্তরার মেট্রোরেল এলাকায় গাছপালার যে আংশিক ক্ষতি হয়েছিল, নতুন করে গাছ লাগিয়ে পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং আগের চেয়ে আরও অনেক সুন্দর ও মনোরম পরিবেশে সবুজায়ন করা হয়েছে।

এ সময় প্রশাসক জানান, সরকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এআই ছবি দিয়ে উত্তরার মেট্রোরেল নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। তিনি মেট্রোরেলের সুন্দর ও মনোরম পরিবেশের সবুজায়ন সরেজমিনে দেখার জন্য সাংবাদিকদের পরিদর্শন করে এ নিয়ে জনগণের মাঝে সঠিক ও সত্য সংবাদ প্রচার করার আহ্বান জানান।

প্রশাসক আরও জানান, ক্লিন ও গ্রিন ঢাকা বাস্তবায়নে পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের শিল্পাঞ্চলের প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। কোরবানির বর্জ্য অপসারণসহ নগর উন্নয়ন ও নগর পরিকল্পনায় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত