‘রক্ষক যখন ভক্ষক’র উদাহরণ নিশ্চয়ই আপনি শুনেছেন। এবার শুনুন ‘বাহক যখন ভক্ষক’র কাহিনী। হোম ডেলিভারির অর্ডার পৌঁছে দেয়ার পথে কিছু খাবার পরখ করতে গিয়ে বিপাকে পড়েছেন এক বাহক। মান সম্মান নিয়ে টানাটানি তো পড়েছেই, হয়েছেন বরখাস্ত। ঘটনাটি ভারতের।
প্রতিষ্ঠানটির নাম জোমাটো। তাদেরই এক কর্মী এমন কাণ্ড ঘটানোয় ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষমা চেয়েছেন।
দক্ষিণ ভারতের মাদুরাই এলাকায় এক সিসি ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনা। ভিডিওতে দেখা যায়, জোমাটোর টি-শার্ট পরা এক বাইকার বক্স থেকে খাবার খাচ্ছেন। কয়েকটি বক্স থেকে একটু একটু খাবার চেখে আবার সেগুলো প্যাকেট করে রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।
জোমাটো জানিয়েছে, এই ঘটনার বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ দেখাবেন। ইতিমধ্যে ওই কর্মীকে বরখাস্ত করার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
‘আমরা তার সঙ্গে কথা বলেছি। বুঝতে পারছি মানুষ হিসেবে তার ভুল হতেই পারে। তবু আমাদের প্রতিষ্ঠান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।’
