জামালপুর-৫ আসনে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া এবং পুলিশি হয়রানির অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। শনিবার দুপুরে শহরের সরদার পাড়ায় ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মামুন বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকায় তার নির্বাচনী প্রচারণায় বাধা দেয়াসহ ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা ও তার নির্বাচনী কেন্দ্র বন্ধ করে দিচ্ছে।
এছাড়া পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে তল্লাশি চালিয়ে হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এই বিএনপি প্রার্থীর।
তবে অভিযোগ মিথ্যা দাবি করে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বলেন, “বিএনপির জনসমর্থন না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চেষ্টা করছে। তারা নিজেরাই গণ্ডগোল সৃষ্টি করে নৌকার সমর্থদের ঘাড়ে দায় চাপাতে চাচ্ছে।”
