ব্রেক্সিট নিয়ে আর গণভোট চান না মে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:১১ পিএম

ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ) চুক্তি নিয়ে আর পেছনে ফিরে থাকাতে চাচ্ছেন না থেরেসা মে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মে বলেছেন, এই প্রশ্নে আর দ্বিতীয়বার গণভোট আয়োজন করার দরকার নেই। খবর বিবিসির।

নিজ দল কনজারভেটিভ পার্টির এমপিদের সতর্ক করে সোমবার তিনি বলেন, ‘আরেকবার গণভোট আয়োজন করা মানে ব্রিটিশদের সঙ্গে বিশ্বাসভঙ্গ করা।’

‘ব্রিটেন এক্সিট’কে সংক্ষেপে বলা হয় ব্রেক্সিট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া এটি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সঙ্গে ব্যবসা করতে পারে, এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে এবং সেখানে বসবাস করতে পারে। ৪০ বছরের বেশি সময় ইউনিয়নের সঙ্গে থাকার পর ২০১৬ সালের জুনে একটি গণভোট আয়োজন করে যুক্তরাজ্য, যেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন।

২০১৯ সালের ২৯ মার্চ দুই পক্ষের আলাদা হওয়ার কথা রয়েছে। কিন্তু ব্রিটেনের অনেকেই সেটি মানতে পারছেন না। থেরেসা মের দল থেকেও আপত্তি আছে। কেউ কেউ আবার গণভোট আয়োজন করতে বলছেন।

এই ইস্যুতে মেকে সম্প্রতি আস্থা ভোটের সম্মুখীন হয়ে নিজের নেতৃত্বের পরীক্ষা দিতে হয়েছে। সেই ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রেখেছেন তিনি। সব সময় ব্রেক্সিটের পক্ষে অবস্থান নেওয়া এই নেত্রী মনে করেন, আবার গণভোট মানে ব্রিটিশ রাজনীতির ‘অপূরণীয় ক্ষতি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত