একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহার চেয়েছেন। গতকাল সোমবার সকালে কাপাসিয়া উপজেলার সাফাশ্রী ব্রিকফিল্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে রিয়াজুল বলেন, স্থানীয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়ী করতে পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে। ওই সময় কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘কাপাসিয়ায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হচ্ছে না। পুলিশ গত পাঁচ দিনের মধ্যে বিএনপির ১৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। নির্বাচনী প্রচার চালানোর সময় আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমার ও আমাদের কর্মীদের ওপর আক্রমণ করে। এ ব্যাপারে নিজে কাপাসিয়া থানায় অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই অবিলম্বে ওসির প্রত্যাহার চেয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে।’
তিনি সুষ্ঠু, স্বাভাবিক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচনী পরিবেশ ও সম-অধিকার সুনিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, আফজাল হোসেন বেপারী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেপারী, কাজী আফতাব, অ্যাডভোকেট এমদাদুল হক লাল, যুবদলের মাসুদ করিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
