জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন। এতে ওই আসনে প্রার্থী শূন্য হয়ে পড়ল বিএনপি।
গত ১৩ ডিসেম্বর জামালপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ হাইকোর্টে বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বাতিল চেয়ে রিট আবেদন করলে হাইকোর্ট তার মনোনয়নপত্র স্থগিত করেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন মিল্লাত।
এর আগে গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকায় দুদকের দায়ের করা একটি মামলায় এম রশিদুজ্জামান মিল্লাত দণ্ডিত থাকায় তার প্রার্থিতা বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা আহমেদ কবীর। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন তিনি। প্রার্থিতা ফিরে পাওয়ার পর বিএনপি থেকে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
এ সময় ওই আসনের বিএনপির অপর দুই প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের ছেলে শাহাদাৎ বিন জামান এবং সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম মনোনয়ন প্রত্যাহার করে নেন। আপিল বিভাগের এই রায়ের ফলে ওই আসনে প্রার্থী শূন্য হয়ে পড়ে বিএনপি।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে এখন ছয়জন প্রার্থী ভোটের লড়াইয়ে টিকে আছেন। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ (নৌকা), জাতীয় পার্টির এম এ ছাত্তার (লাঙ্গল), জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম (কাঁঠাল), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মো. সুরুজ্জামান (কুঁড়েঘর), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল মজিদ (হাতপাখা) ও গণফোরামের মো. সিরাজুল হক (উদীয়মান সূর্য)।
